আজকাল ওয়েবডেস্ক: রবিবার আইএসএলের খেতাব নির্ণায়ক ডার্বি। লিগের ইতিহাসে এই প্রথম বড় ম্যাচ চ্যাম্পিয়ন নির্ধারণ করবে। এমন একটি ম্যাচের সাক্ষী থাকতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিককে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার বিকেলে ডার্বির আগে যুবভারতীতে ব্যবস্থাপনা দেখতে এসে জানান সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি। কল্যাণ চৌবে বলেন, 'এআইএফএফ মুখ্যমন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী দু'জনকেই আমন্ত্রণ জানিয়েছে। তাঁরা উপস্থিত হয়ে বাংলার ফুটবলকে উৎসাহ দেবে, এমন অনুরোধ রেখে দু'জন মন্ত্রীকেই আমন্ত্রণ জানানো হয়েছে।' 

শনিবার দুপুরে ডার্বির সাংবাদিক সম্মেলনের আগে টুটু বসু এবং মোহন সিংয়ের জন্য এক মিনিটের নীরবতা পালন করা হয়। রবিবার ডার্বির আগেও মোহনবাগানের প্রাক্তন সভাপতির স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হবে। এই প্রসঙ্গে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে বলেন, 'মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে নীরবতা পালন করার ইচ্ছাপ্রকাশ করা হয়েছে। সৃঞ্জয় বসু আমাকে ফোন করেছিলেন। ফুটবলে টুটু বসুর অবদান অনস্বীকার্য। দীর্ঘদিন কলকাতা ময়দানে ছিলেন। তাঁর মৃত্যুতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এক মিনিটের নীরবতা পালন করবে এটা কাম্য।'

আইএসএলের খেতাব নির্ণায়ক ডার্বি নিয়ে উৎসাহী ফেডারেশন সচিব। আইএসএলের ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি। কল্যাণ চৌবে বলেন, 'ব্যবস্থাপনা দেখতে এসেছিলাম। এমন একটা সময় বড় ম্যাচ হচ্ছে, যে দল জিতবে তাঁদের আইএসএল জেতার সম্ভাবনা বেশি। যবে থেকে আইএসএল হয়েছে, এরকম পরিস্থিতি তৈরি হয়নি। আমরা ২০১৪ থেকে আইএসএল দেখছি। কিন্তু এবার এমন একটা বড় ম্যাচ হচ্ছে, যার ওপর লিগ জেতা-হারা নির্ভর করছে। আশা করছি সমর্থকরা একটা ভাল ম্যাচ দেখতে পাবে।' 

এদিন বিকেলে দলের প্র্যাকটিস দেখতে যুবভারতীতে হাজির ছিলেন মোহনবাগানের সভাপতি দেবাশিস দত্ত। অনুশীলন চলাকালীন মাঠের ধারে মোহনবাগান সুপার জায়ান্টের সিইও বিনয় চোপড়ার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাঁকে। মাঠ ছাড়ার আগে রেফারিং নিয়ে বিস্ফোরক অভিযোগ জানান। দেবাশিস দত্ত বলেন, 'এগারো বনাম এগারো খেলা হলে, আমরা জিতব। কিন্তু চোদ্দো বনাম এগারো খেলা হলে জেতা মুশকিল। সেটা নিয়ে আমরা আতঙ্কিত। ন'টা পেনাল্টি পেয়েছে ইস্টবেঙ্গল। আর আমরা জিরো পেনাল্টি। গোলের গড় থেকে ন'টা গোল বাদ দিয়ে দিন। আমরা একটা পেনাল্টি পাওয়ারও দাবিদার ছিলাম না? আশা করব এআইএফএফ রেফারিদের কড়া নির্দেশ দেবে।' ডার্বি জিতে টুটু বসুকে উৎসর্গ করতে চায় বাগান শিবির। দেবাশিস দত্ত বলেন, 'টুটু দার আশীর্বাদ আমাদের ওপর অবশ্যই থাকবে। আমরা আশা করছি ম্যাচটা জিতব এবং টুটু দাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারব। যে জিতবে, সেই আইএসএল চ্যাম্পিয়ন। সেটাই মনে হয় টুটু দাকে আসল সম্মান জানানো হবে।'

ডার্বিতে ৬২,২০০ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বড় ম্যাচকে কেন্দ্র করে একাধিক উদ্যোগ নিয়েছে মোহনবাগান কর্তৃপক্ষ। রবিবার প্রায় দুশোর কাছাকাছি বাস এবং ফেরি সার্ভিস চলবে। যুবভারতীতে ১২০০ পুলিশ মোতায়েন থাকবে। ত্রিস্তোরীয় নিরাপত্তা থাকবে। স্টেডিয়ামের প্রত্যেক ব্লকে অ্যাম্বুলেন্স থাকবে। টিফো নিয়ে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে সমর্থকদের। তবে তাতে যেন কোনও রাজনৈতিক বার্তা না থাকে, সেদিকে নজর দিতে বলা হয়েছে। এই বিষয়ে পুরো দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশকে।