মিল্টন সেন

হুগলি জেলার ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে চুঁচুড়ার পেয়ারা বাগান ফুটবল ক্লাব। কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ডিভিশনে খেলার যোগ্যতা অর্জনের পর এবার নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিল ক্লাব।

আগামী ১১ জুলাই থেকে শুরু হচ্ছে তাদের অভিযান। তার আগে বৃহস্পতিবার ক্লাব প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হল দলের হোম ও অ্যাওয়ে জার্সি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ।

তিনি ফুটবলারদের হাতে নতুন জার্সি তুলে দেওয়ার পাশাপাশি অধিনায়কের আর্মব্যান্ড, গোলরক্ষকের বিশেষ জার্সি এবং কিট ব্যাগও তুলে দেন। একই সঙ্গে ক্লাবের কোচদের হাতেও ফুটবল কিট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ক্লাবের কর্মকর্তা, সদস্য এবং স্পনসররাও উপস্থিত ছিলেন।

হুগলি-চুঁচুড়া শহরের অন্যতম পরিচিত ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টার গত মরশুমে কলকাতা লিগের তৃতীয় ডিভিশনে ভালো পারফরম্যান্সের সুবাদে দ্বিতীয় ডিভিশনে উন্নীত হওয়ার সাফল্য অর্জন করে।

এবার সেই সাফল্য ধরে রেখে আরও এক ধাপ এগিয়ে প্রথম ডিভিশনে ওঠাই দলের মূল লক্ষ্য। কলকাতা লিগের দ্বিতীয় ডিভিশনে মোট ২০টি দল অংশ নিচ্ছে। দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং প্রতিটি দলকে গ্রুপ পর্বে মোট ৯টি করে ম্যাচ খেলতে হবে।

পেয়ারা বাগান ফুটবল কোচিং সেন্টারের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে কাঁচরাপাড়া মাঠে। নতুন জার্সি উন্মোচনের মধ্য দিয়ে ফুটবলারদের আত্মবিশ্বাস আরও বেড়েছে বলে মনে করছেন ক্লাব কর্তারা। তাঁদের আশা, নতুন মরশুমে ভাল পারফরম্যান্স করে হুগলি জেলার নাম আরও উজ্জ্বল করবে পেয়ারা বাগান ফুটবল ক্লাব।