আজকাল ওয়েবডেস্ক: ইডেনে চলছে টি-২০ বিশ্বকাপ। ইতিমধ্যেই সাতের মধ্যে পাঁচটি ম্যাচ হয়ে গিয়েছে। বাকি সুপার এইটে ভারতের ম্যাচ এবং সেমিফাইনাল। ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। ৪ মার্চ সেমিফাইনাল। তবে পাকিস্তান উঠলে বঞ্চিত হবে ইডেন। সেক্ষেত্রে সেমিফাইনাল সরে যাবে কলম্বোয়। গুরুত্বপূর্ণ দুটো ম্যাচের আগে যুদ্ধকালীন তৎপরতার চলছে প্রস্তুতি।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক আরও নিবিড় এবং সুদৃঢ় করার লক্ষ্যে শুক্রবার বেঙ্গল সাব এরিয়ার হেড কোয়ার্টার্সের এসএম, ভিএসএম, জিওসি মেজর জেনারেল ডিকে সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ছিলেন সিএবি সচিব বাবলু কোলে, সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, বেঙ্গল সাব এরিয়া হেড কোয়ার্টার্সের সেনা আধিকারিক কর্নেল তরুণ ত্যাগী, সিএবির সিইও চিন্ময় নায়েক প্রমুখ। 

মেজর জেনারেল ডিকে সিং নতুন দায়িত্বে আসার পর এই প্রথম সিএবি কর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারলেন। তাঁর হাতে টি-২০ বিশ্বকাপের বিশেষ স্মারক তুলে দেওয়া হয় সিএবির তরফে। জানা গিয়েছে, ইডেন গার্ডেন্সের লিজ-সহ স্টেডিয়ামের সংস্কারের কাজের বিষয়ে সেনা কর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন সিএবি কর্তারা। নতুন রূপে সেজে উঠবে ক্রিকেটের নন্দনকানন। খুব শীঘ্রই কাজ শুরু হবে। তার নকশাও তৈরি হয়ে গিয়েছে। বিশ্বকাপ শেষ হলেই শুরু হবে আইপিএল। ইডেনে খেলবে কলকাতা নাইট রাইডার্স। সম্ভবত কোটিপতি লিগ শেষ হলেও শুরু হয়ে যাবে সংস্কারের কাজ।