আজকাল ওয়েবডেস্ক: রাফিনিয়ার চোটের কারণে অনুপস্থিতি ও রেফারিং নিয়ে বিতর্কের মাঝেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে ক্যাটালান ক্লাবটি।

প্রথম লেগে ২-০ ব্যবধানে হারের পর ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে বার্সা। শুরুটা দারুণ করে তারা। মাত্র ২৪ মিনিটেই লামিনে ইয়ামাল ও ফেরান তোরেসের গোলে সমতায় ফেরে কাতালানরা। ৩১ মিনিটে অ্যাটলেটিকোর লোকমানের গোলে পিছিয়ে পড়ে বার্সা।

এরপর ৭৯ মিনিটে বার্সার ডিফেন্ডার এরিক গার্সিয়া লাল কার্ড দেখলে ম্যাচ থেকে ছিটকে যায় ফ্লিকের দল। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় পেলেও দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হার মানতে হয় বার্সেলোনাকে। 
প্রথম লেগে পাউ কুবারসির লাল কার্ডের কারণে ১০ জনে নেমে যাওয়া বার্সা আরও বড় বিপর্যয়ে পড়ে। ওই ম্যাচের রেফারি ছিলেন ইস্তভান কোভাচস।

ফিরতি লেগ শেষে রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। গ্যালারি থেকে ম্যাচ দেখা এই তারকা বলেন, ম্যাচে রেফারিং ছিল নিম্নমানের এবং বারবার ভুল সিদ্ধান্তে বার্সাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
তাঁর অভিযোগ, অ্যাটলেটিকোর একাধিক ফাউলে কার্ড না দেখানো এবং দানি ওলমোকে ফাউল করা হলেও পেনাল্টি দেওয়া হয়নি। রাফিনিয়া বলেন, ''ম্যাচটি এক ধরনের ডাকাতি ছিল।”
তিনি আরও দাবি করেন, শুধু ফিরতি লেগ নয়, প্রথম লেগেও রেফারিং নিয়ে বড় প্রশ্ন রয়েছে।