আজকাল ওয়েবডেস্ক:উজাড় করে দিলাম যত স্মৃতি, বন্দি কত রামধনু রং, চোখের কাজল আজও জাগে রাত, এই দুই চোখে এখনও বেঁচে থাকে অতীত।
অতীতের ভুলভুলাইয়াতে কি এখনও হেঁটে বেড়ান বিরাট কোহলি আর ইসাবেলা লেইতে? তাঁদের দুই চোখে কি আজও বেঁচে আছে অতীত?
আজ তাঁরা দু'জনেই নীরব। এক জন আরেকজনের থেকে বহুদূরে। অনুষ্কা শর্মা, পুত্র-কন্যাদের নিয়ে সুখে ঘরকন্না করছেন বিরাট কোহলি। আর তিনি ইসাবেলা এখন দোহায়। দুই মেয়েকে নিয়ে থাকেন সেখানে।
অনুষ্কা শর্মাকে বিয়ে করার আগে একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কোহলি। তা নিয়ে কম জল্পনা হয়নি সেই সময়ে। গুঞ্জন ছিল তামান্না ভাটিয়ার সঙ্গে সম্পর্ক নিয়েও।
ব্রাজিলীয় বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী ইসাবেলার সঙ্গেও নাম জড়িয়েছিল কোহলির। ইসাবেলার স্বীকারোক্তি ছিল, ভারতের তারকা ক্রিকেটারের সঙ্গে তিনি দুই বছর ধরে ডেটিং করেন। কোহলি ও ইসাবেলার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাঁদের নিয়ে চলে গসিপ। আলোচনার বিষয়বস্তু হয়ে থেকে গিয়েছেন ইসাবেলা।
তাঁদের পথ এখন আলাদা হয়ে গিয়েছে। কোহলি ভারতে। ইসাবেলা থাকেন দোহায়। মডেলিং দিয়ে বলিউডে নিজের কেরিয়ার শুরু করেছিলেন ব্রাজিলিয়ান মডেল-অভিনেত্রী। আমির খানের ছবি দিয়ে বলিউডে প্রবেশ। ২০১২ সালে 'তালাশ' ছবিতে আমির-করিনার সঙ্গে দেখা গিয়েছিল ইসাবেলাকে। সেই সময়ে শুটিংয়ে কোহলির সঙ্গে পরিচয় হয় এই অভিনেত্রীর। প্রথমে বন্ধুত্ব। পরে সেই বন্ধত্ব গড়ায় প্রেমে।
ভারতে পা রাখার পরে ইসাবেলার প্রথম বন্ধু ছিলেন কোহলি। বছর পাঁচেক আগেও তিনি বলিউড এবং দক্ষিণী ছবিতে অভিনয় করেন। এখন তিনি সব কিছু থেকে দূরে। তাঁরা দূরে সরে গেলেও তাঁদের পুরনো সম্পর্ক এখনও চর্চার বিষয় অনেকের কাছে।
















