আজকাল ওয়েবডেস্ক: আগামী মাস থেকেই শুরু হতে চলেছে বর্ডার-গাভাসকার ট্রফি। অস্ট্রেলিয়া সফরে গিয়ে ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। জানা গিয়েছে, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রীন ব্যাটার হিসেবে দলের সঙ্গে থাকবেন। তবে, গোটা সিরিজে তিনি কতটা বোলিং করতে পারবেন তা নিয়ে সন্দেহ আছে।
তাঁর বোলিং পাঁচ টেস্টের সিরিজের পরবর্তী পর্যায়ে সীমিত থাকতে পারে। সূত্রের খবর, ক্রিকেট অস্ট্রেলিয়া এই সপ্তাহে গ্রীনের পিঠের চোট নিয়ে সরকারি ভাবে ঘোষণা করতে পারে। ইতিমধ্যেই, শেফিল্ড শিল্ডের উদ্বোধনী রাউন্ড থেকে বাদ পড়েছেন গ্রীন। দ্বিতীয় রাউন্ডেও অংশ নেওয়ার সম্ভাবনা কম। তবে, নভেম্বরের শুরুতে এমসিজিতে ভারত এ-দলের বিরুদ্ধে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে মাঠে নামতে পারেন তিনি।
ব্যাটার হিসেবে গ্রীনের প্রাপ্যতা গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার টপ অর্ডারে তাঁকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেখা হয়। গত গ্রীষ্মে ডেভিড ওয়ার্নারের অবসরের পর গ্রীন চার নম্বরে উঠে এসেছেন। আসন্ন বর্ডার গাভাসকার ট্রফি নভেম্বরের শেষে শুরু হবে। মাত্র ছয় সপ্তাহের মধ্যে খেলা হবে পাঁচটি টেস্ট ম্যাচ। অস্ট্রেলিয়ার বোলিং বিভাগের বিশেষ দায়িত্ব দেবেন মিচেল মার্শ। অফ স্পিনার নাথান লায়নের ওপরেও দায়িত্ব থাকবে।
















