আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল। দলের মাঝমাঠের অন্যতম ভরসা মহম্মদ রশিদকে পাওয়া যাচ্ছে না চোটের কারণে।

গোড়ালির চোটে ভুগছেন প্যালেস্তাইন জাতীয় দলের এই তারকা ফুটবলার। অনুশীলনের সময়ই চোট পান তিনি। সেই অবস্থাতেও চেন্নাইয়িনের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন রশিদ, কিন্তু চোট পুরোপুরি না সারায় বেঙ্গালুরুর বিরুদ্ধে তাঁকে আর ঝুঁকি নিতে চাইছেন না কোচ অস্কার ব্রুজোঁ। ফলে এই গুরুত্বপূর্ণ ম্যাচে রশিদকে ছাড়াই নামবে লাল-হলুদ ব্রিগেড।

বর্তমানে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে, ৮ ম্যাচে সমান ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বেঙ্গালুরু। এই ম্যাচে জিততে পারলে ইস্টবেঙ্গল সরাসরি উঠে আসবে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। 

এদিকে ম্যাচের আগে ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠেছে এক আবেগী ছবি, যখনই লাল-হলুদ নামে বেঙ্গালুরুর বিরুদ্ধে, তখন গ্যালারির সীমা ছাড়িয়ে, অদৃশ্য কোনও আসনে বসে থাকেন দুই অনন্য সমর্থক--রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং পুনীত রাজকুমার।

সময়ের সীমানা পেরিয়ে, তাঁরা আজও যেন দেখছেন প্রিয় দলের লড়াই--নিঃশব্দে, অথচ গভীর অনুভবে। কয়েকদিন আগে শুটিং করতে গিয়ে তালসারিতে প্রয়াত হন রাহুল। কিন্তু ভালবাসা কি কখনও থামে?  
ইস্টবেঙ্গল স্মরণ করেছে দক্ষিণী ছবির অভিনেতা পুনীত রাজকুমারকেও। আজকের ইস্টবেঙ্গল-বেঙ্গালুরু ম্যাচ কেবল ম্যাচ নয়। আবেগের এক লড়াইও বটে।