আজকাল ওয়েবডেস্ক: আচমকাই আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন ইংরেজ ব্যাটার বেন ডাকেট। এর আগে একাধিক ইংলিশ ক্রিকেটার এরকম করেছেন। বেন স্টোকসও করেছেন। এবার ডাকেটের সরে যাওয়া দেখে প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া বলছেন, এবার হয়ত তরুণ ক্রিকেটারদের আইপিএলে নেওয়া বন্ধ করবে ফ্রাঞ্চাইজিগুলো।
দিল্লি ক্যাপিটালস ২ কোটি টাকায় ডাকেটকে কিনেছিল। কিন্তু মঙ্গলবার তিনি আচমকাই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে। জানা গেছে, বাঁহাতি ব্যাটার পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। এর পাশাপাশি ইংল্যান্ড জাতীয় দলে নিজের জায়গা আরও পাকা করতে চান ডাকেট।
এই বিষয়ে বেশ হতাশ আকাশ চোপড়া। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হতাশা প্রকাশ করে আকাশ চোপড়া বলেছেন, বিদেশি ক্রিকেটারদের এই নাম তুলে নেওয়ার প্রবণতা বেড়েই চলেছে। বিশেষ করে ইংরেজ ক্রিকেটারদের। হ্যারি ব্রুকও ঠিক এভাবেই নাম তুলে নিয়েছিলেন।
নিজের এক্স হ্যান্ডলে চোপড়া বলেছেন, ‘বেন ডাকেটও আইপিএল থেকে নাম তুলে নিল। ঠিক যেমনটা হ্যারি ব্রুক করেছিল। আমার তো মনে হচ্ছে ভবিষ্যতে ফ্রাঞ্চাইজিগুলো আইপিএলে তরুণ ইংরেজ ক্রিকেটারদের আর নেবে না।’
ডাকেটের পরিবর্ত নিতে হবে দিল্লিকে। এভাবে চোপড়ার পরামর্শ, ‘ওপেনিংয়ে পৃথ্বী ও এবং পাথুম নিশঙ্কা আছে। আমি বলব একজন ভাল বিদেশি স্পিনার নেওয়া হোক। সেক্ষেত্রে মুজিব উর রহমান বা কেশব মহারাজ ভাল বিকল্প হতে পারেন।’
এদিকে, এভাবে আইপিএল থেকে সরে দাঁড়ানোয় দুই বছরের জন্য আইপিএল থেকে নির্বাসিত করা হতে পারে ডাকেটকে। ঠিক যেমনটা ব্রুকের ক্ষেত্রে করা হয়েছিল। আইপিএলের গভর্নিং কাউন্সিল এই বিষয়ে কড়া নিয়ম এনেছে। বলা হয়েছে, আচমকা সরে গেলে দুই বছরের জন্য আইপিএল থেকে নির্বাসিত করা হবে। ডাকেটের ক্ষেত্রেও সেই সম্ভাবনা রয়েছে।
১ এপ্রিল আইপিএল অভিযান শুরু করবে দিল্লি। প্রতিপক্ষ লখনউ। তার আগেই ডাকেটের পরিবর্ত নিতে হবে দিল্লিকে।
