আজকাল ওয়েবডেস্ক: আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডে ধরাশায়ী ভারত। জোড়া সিরিজ হার। আইরিশদের কাছে ০-২ তে সিরিজ হারের পর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ তে এগিয়ে গিয়েছে হ্যারি ব্রুকরা। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। পঞ্চম, তথা শেষ ম্যাচ জিতে ৪-০ তে টিম ইন্ডিয়াকে ওয়াইটওয়াশ করতে চায় ইংল্যান্ড। সাদা বলের সিরিজ বিভীষিকার পর এবার শ্রেয়স আইয়ারদের পারফরম্যান্স রিভিউ করা হবে। ইংল্যান্ড সিরিজ শেষ হলেই, দুটো সিরিজ নিয়ে কাটাছেঁড়া হবে। বোর্ড সচিব দেবজিত সাইকিয়া জানিয়ে দেন, টিম ইন্ডিয়ার পারফরম্যান্স রিভিউ করা হবে।
বৃহস্পতিবার ব্রিস্টলে ৯ উইকেটে হেরে সিরিজ ০-৩ এ পিছিয়ে পড়েছে ভারত। বর্তমানে এডিনবার্গে আইসিসি বার্ষিক কনফারেন্স চলছে। যেখানে যোগ দিতে গিয়েছেন বিসিসিআইয়ের কর্তারা। সেখানেই পারফরম্যান্স রিভিউয়ের কথা জানান সচিব দেবজিত সাইকিয়া। মেনে নেন, ভারতীয় দল কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে পাশাপাশি জানান, সমস্যা খুঁজে বের করে সেটা মেরামত করার বিষয়ে আশাবাদী বোর্ড। সাইকিয়া বলেন, 'বিষয়টা সহজ। ভারতের টি-২০ দল খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সুতরাং, সিরিজ শেষ হলেই আমাদের রিভিউ করতে হবে। বর্তমানে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় দল। আমাদের সমস্যাটা খুঁজে বের করতে হবে। সিরিজ শেষ হলেই, আমরা আলোচনা করে সেটার সমাধান করার চেষ্টা করব।' ১৯ জুলাই সিরিজের শেষ ম্যাচ। তারপরই শ্রেয়স আইয়ারদের পারফরম্যান্স রিভিউ করা হবে।
বিদেশের মাটিতে সাদা বলের সিরিজে মুখ থুবড়ে পড়ে ভারত। ক্রিকেটের ইতিহাসে আয়ারল্যান্ডের কাছে প্রথমবার সিরিজ হার। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর বদলে আবার হার। সিরিজে টিকে থাকতে হলে, চতুর্থ ম্যাচ জিততেই হত। কিন্তু শ্রেয়স ছাড়া বাকিরা ব্যর্থ। ৮০ রানে অপরাজিত থাকেন ভারতের টি -২০ অধিনায়ক। রান তাড়া করতে নেমে সহজেই জিতে যায় ইংল্যান্ড। হ্যারি ব্রুক (৭৯) এবং ফিল সল্ট (৫৯) দলকে জেতায়। দু'জনেই অপরাজিত থাকেন। এই হার অনেক প্রশ্ন তুলে দিয়েছে। পেস সহায়ক উইকেটে হিমশিম খায় ভারতীয় ব্যাটাররা। বোলিংয়ে যশপ্রীত বুমরাকে মিস করেছে ভারত। হার্দিক পাণ্ডিয়ার মতো একজন অলরাউন্ডারের না থাকাও ভুগিয়েছে টিম ইন্ডিয়াকে। ফিল্ডিংয়েও অধঃপতন। একদিনের সিরিজ শুরুর আগে শনিবার সিরিজের শেষ টি-২০ ম্যাচ খেলবেন শ্রেয়সরা।















