আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের এক দফা সূচি প্রকাশিত হয়েছে। বুধবার। আপাতত ১২ এপ্রিল অবধি সূচি প্রকাশিত হয়েছে। আইপিএল শুরু হবে ২৮ মার্চ। গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলবে সানরাইজার্স হায়দরাবাদে। খেলা হবে চিন্নাস্বামীতে।
সেই চিন্নাস্বামী যেখানে ২০২৫ আইপিএল জয়ের পর আরসিবির বিজয়োৎসবে ঘটে গিয়েছিল পদপিষ্টের মতো মর্মান্তিক দুর্ঘটনা। মারা গিয়েছিলেন প্রায় ১১ জন। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েছে আরসিবি এবং বিসিসিআই।
এবছর চিন্নাস্বামীতে আরসিবি পাঁচটি হোম ম্যাচ খেলবে। আর বাকি দুটি হোম ম্যাচ খেলবে রায়পুরে। যদিও চিন্নাস্বামীতে পাঁচটি ম্যাচ হওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
বোর্ডের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বেঙ্গালুরুতে যে ম্যাচগুলি রয়েছে, সেগুলি হওয়া নির্ভর করছে কর্নাটক সরকারের বিশেষজ্ঞ কমিটির ক্লিয়ারেন্সের উপর। এই কমিটি শুক্রবার চিন্নাস্বামী পরিদর্শন করবে। তারপর বৈঠক করবে। তারপর সিদ্ধান্ত নেবে। চিন্নাস্বামী আদৌ খেলার উপযুক্ত কিনা সেই রিপোর্ট এলেই সেখানে ম্যাচ আয়োজন করা হবে।’
এটা ঘটনা, পশ্চিমবঙ্গ, অসম ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন সামনেই। তাই আপাতত গোটা সূচি প্রকাশ করা হয়নি। এই রাজ্যগুলিতে ভোটের দিন চূড়ান্ত হলেই আইপিএলের বাকি সূচি প্রকাশিত হবে বলে বিসিসিআই সূত্রে খবর।
আপাতত যে সূচি প্রকাশিত হয়েছে তাতে ২০ টি ম্যাচ হবে ১০ শহরে। যার মধ্যে রয়েছে বেঙ্গালুরু, মুম্বই, গুয়াহাটি, নিউ চণ্ডীগড়, লখনউ, কলকাতা, চেন্নাই, দিল্লি, আমেদাবাদ ও হায়দরাবাদ।
যে সূচি আপাতত প্রকাশিত হয়েছে, তাতে চারটি ডাবল হেডার রয়েছে। সেক্ষেত্রে প্রথম ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে তিনটে থেকে। অন্যটি সাড়ে সাতটা থেকে।
এদিকে, ২৯ মার্চই নামছে কলকাতা নাইট রাইডার্স। ওয়াংখেড়েতে প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। অর্থাৎ কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করবে নাইটরা।
ইডেনে কলকাতার প্রথম ম্যাচ ২ এপ্রিল। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। এছাড়া কলকাতার ম্যাচ রয়েছে পাঞ্জাব কিংস (৬ এপ্রিল, কলকাতা), লখনউ সুপার জায়ান্ট (৯ এপ্রিল, কলকাতা)।
