আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ কি রোহিত শর্মারও শেষ? পরপর দুই ম্যাচে ব্যর্থ হওয়ায় পর এই প্রশ্ন উঠছে। আপাতত তাতে ধামাচাপা দিলেন বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া। দাবি করেন, একদিনের ক্রিকেটে এটাই রোহিতের শেষ ম্যাচ নয়। জানান, যতদিন পারবেন, খেলা চালিয়ে যাবেন। সাইকিয়া বলেন, 'রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে প্রচারমাধ্যমে জল্পনা চলছে। রবিবার রোহিত লর্ডসে নিজের শেষ ম্যাচ খেলবে, এমন কোনও আলোচনা হয়নি। রোহিত ভারতের একদিনের দলের নিয়মিত সদস্য। যতদিন পারবে, দেশকে প্রতিনিধিত্ব করবে। অন্য কথায়, লর্ডস ওর শেষ ম্যাচ হবে না।' 

২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলতে চান রোহিত। প্রথম দুই ম্যাচে রান না পাওয়ায় পর থেকেই প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে চর্চার সূত্রপাত। কার্ডিফে হারের পর ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানান, প্রথম দুই ম্যাচে রান না পেলেও, রোহিতের মতো প্লেয়ারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই। কোটাক বলেন, 'আমার মনে হয় না রোহিত শর্মার মতো বড় প্লেয়ারের ওপর কোনও চাপ থাকবে। ও এর থেকে অনেক ঊর্ধ্বে। মানছি প্রথম দুই ম্যাচে রান পায়নি। কিন্তু সেটা পার্থক্য গড়ে দেবে না।' 

বিভিন্ন রিপোর্টে জানা যাচ্ছে, ফর্ম এবং ফিটনেসের বিচারে বিরাট কোহলি থাকছেন। কিন্তু রোহিতকে নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। এই বিষয়ে একমত গৌতম গম্ভীর এবং অজিত আগরকর। টেস্ট অবসরের সময়ও নির্বাচক কমিটির সঙ্গে সহমত ছিলেন না রোহিত। ২০০৭ সালের ২৩ জুন বেলফাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয় রোহিতের। ২০২৭ বিশ্বকাপ খেলে অবসর নিতে চান হিটম্যান। আগেই টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ান ভারতের প্রাক্তন অধিনায়ক।