আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হওয়ায় প্রশ্নের মুখে গম্ভীর, রোহিত সহ গোটা ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ছাড়পত্র নিশ্চিত করতে, পাঁচের মধ্যে চারটে টেস্ট জিততে হবে টিম ইন্ডিয়াকে। সেক্ষেত্রে আর বাকিদের রেজাল্টের ওপর নির্ভর করতে হবে না। সরাসরি ফাইনালের টিকিট সংগ্রহ করবে। সেটা না পারলে বাকিদের রেজাল্টের দিকে তাকিয়ে থাকতে হবে। প্রচণ্ড চাপের মুখে ভারতীয় দল। সেসব মাথায় রেখেই এবার কেএল রাহুল এবং ধ্রুব জুরেলকে আগেই অস্ট্রেলিয়া পাঠিয়ে দিল বোর্ড। ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে একটি ম্যাচে অংশ নেবেন দু'জনেই।
নিজের ইউ টিউব চ্যানেলে এমনই দাবি করেন আকাশ চোপড়া। তিনি বলেন, 'রাহুল এবং জুরেলকে কেন পাঠানো হল? তারমানে ব্যাটিং নিয়ে চিন্তা আছে। ব্যাটিং নিয়ে যদি আত্মবিশ্বাস না থাকে, তাহলে অন্তত এমন একজনকে রাখা উচিত ছিল যে ফর্মে আছে। অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দল ঘোষণা কি একটু তাড়াতাড়ি করে ফেলা হয়েছে? নিউজিল্যান্ড টেস্ট সিরিজের পর দল ঘোষণা করা যেত। তাহলে হয়তো সাই সুদর্শন দলে জায়গা পেত। কারণ ও অস্ট্রেলিয়ায় গিয়ে রান পেয়েছে। কিন্তু ওকে দলে রাখা হয়নি। রাহুল এবং জুরেল ভারতে খেলার সুযোগ পায়নি। তাই ফর্মে ফিরতে ওদের আগেই অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে।'
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে বেঙ্গালুরু টেস্টে ১৫০ রান ছাড়া বাকি দুই টেস্টে ব্যর্থ সরফরাজ খান। অস্ট্রেলিয়ার মাটিতে অভিজ্ঞতার নিরিখে কেএল রাহুলকে গুরুত্ব দেওয়া হতে পারে। দু'জনের মধ্যে আকাশ চোপড়ার পছন্দ রাহুল। অস্ট্রেলিয়ায় সরফরাজের সাফল্য পাওয়ার বিষয়ে সংশয়ে তিনি। আকাশ চোপড়া বলেন, 'সরফরাজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫০ রান করলেও, অস্ট্রেলিয়া সফরের জন্য আমি রাহুলকেই বেছে নেব। জুরেল এবং সরফরাজের মধ্যেও আমি প্রথমজনকেই বাছব। আমি চাই সরফরাজ ভাল খেলুক। তবে ও যেভাবে ব্যাট করে, অস্ট্রেলিয়ায় সাফল্য পাওয়ার বিষয়ে আমি নিশ্চিত নয়। সেই কারণেই হয়তো রাহুল এবং জুরেলকে আগে পাঠানো হয়েছে। ওরা রান পেলে হয়তো প্রথম টেস্টের দলে সুযোগ পাবে।' বোর্ডের এই পদক্ষেপেই বোঝা যাচ্ছে ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা টেস্টে এই দু'জনের কথা ভাবা হচ্ছে। সরফরাজের জায়গায় রাহুলের প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত।
















