আজকাল ওয়েবডেস্ক: ২০২৭ বিশ্বকাপের নীল নকশা তৈরি করে ফেলেছে ভারত। কিন্তু সেটা জনতার জন্য নয়। একটি সাক্ষাৎকারে এমনই জানালেন বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া। স্পষ্ট বুঝিয়ে দিলেন, ব্যক্তিগত কোনও প্লেয়ারের বিশ্বকাপ ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে চান না তিনি। একদিনের বিশ্বকাপের প্রসঙ্গ উঠলেই বিরাট কোহলি এবং রোহিত শর্মার কথা চলে আসছে। দুই মহাতারকাই বিশ্বকাপ খেলার ইচ্ছাপ্রকাশ করেছে। কিন্তু আদৌ তাঁদের ইচ্ছার কদর করা হবে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে। এই প্রসঙ্গে বোর্ড সচিবকে জিজ্ঞেস করা হলে জানান, বোর্ডরুমের স্ট্র্যাটেজিক আলোচনা দলের অন্দরে থাকাই ভাল। রো-কো জুটি আসন্ন বিশ্বকাপকে পাখির চোখ করে এগোচ্ছে। কিন্তু দলে তাঁদের জায়গা হবে কিনা সেই নিয়ে মুখ খোলেননি নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর এবং হেড কোচ গৌতম গম্ভীর।
রোহিত এবং কোহলি শুধু একদিনের ক্রিকেটে খেলে। বাকি দুই ফরম্যাট থেকে আগেই অবসর নিয়েছে। দু'জনেই মোটামুটি ছন্দে রয়েছে। কিন্তু বোর্ড সচিবের এমন মন্তব্য আরও প্রশ্ন উদ্রেক করল। আগরকর এবং গম্ভীরের মতো রোহিত, কোহলি প্রসঙ্গে মুখ খুলতে চাননি সাইকিয়া। যার ফলে ঝুলে থাকল ভারতীয় ক্রিকেটে দুই মহারথীর ভাগ্য। তাঁদের নিয়ে বোর্ডের অন্দরমহলে কি কোনও আলোচনা হয়েছে? বোর্ড সচিব জানান, দলের জন্য যা প্রয়োজনীয়, সেটাই করা হবে।
সাইকিয়া বলেন, 'আমাদের দল বলিষ্ঠ। সঙ্গে প্রচুর বিশেষজ্ঞ আছে। সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে। সমস্ত সিদ্ধান্ত ক্রিকেট কমিটি, নির্বাচক এবং বাকি স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে। তারমধ্যে সাপোর্ট স্টাফ, হেড কোচ এবং প্লেয়াররাও আছে। নিয়মিত আলোচনা হচ্ছে। তাই আলাদা করে বৈঠকের প্রয়োজন নেই। এটা একটা প্রক্রিয়া। মিডিয়া বা জনতার জন্য আমি কোনও কিছুর খোলসা করব না। কারণ এগুলো স্ট্র্যাটেজিক আলোচনা। এই নিয়ে মিডিয়ার সঙ্গে কথা বলার আমার এক্তিয়ার নেই। দ্বিতীয়ত, এগুলো বোর্ডরুমেই সীমাবদ্ধ থাকা উচিত।' বোর্ড সচিবের এই মন্তব্য আবারও নতুন করে বিশ্বকাপে রো-কো জুটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে।















