আজকাল ওয়েবডেস্ক: স্প্যানিশ ফুটবলের আবেগঘন এক রাতের সাক্ষী থাকল কাতালুনিয়া। একদিকে বাবার মৃত্যুতে কোচ হ্যান্সি ফ্লিকের চোখে জল, আর তার মাঝেই লা লিগা শিরোপা জিতে উৎসবে মেতে উঠল বার্সেলোনা।

রবিবার ঘরের মাঠে হাইভোল্টেজ এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে লা লিগা খেতাব নিশ্চিত করে বার্সেলোনা। তবে ম্যাচের আগেই বার্সা শিবিরে শোকের ছায়া নেমে আসে।

খবর পাওয়া যায়, কোচ হ্যান্সি ফ্লিকের বাবা গত হয়েছেন। এল ক্লাসিকোর ঠিক আগের দিনই প্রয়াত হন হান্সি ফ্লিকের বাবা। ম্যাচ শুরুর আগে ফ্লিকের বাবার স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সেই সময় আবেগে ভেঙে পড়া জার্মান ম্যানেজারকে সান্ত্বনা দিতে দেখা যায় তাঁর সহকারী স্টাফদের। ম্যাচের পর আবেগঘন কণ্ঠে ফ্লিক বলেন, ‘এটা খুব কঠিন একটা ম্যাচ ছিল। এই দিনটা আমি কোনওদিন ভুলব না।’

এরপর নিজের দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আমি আমার স্কোয়াড এবং সকল সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, দুর্দান্ত এই দলটাকে নিয়ে আমি গর্বিত। সব কিছুর জন্য ধন্যবাদ।’

সাধারণত সংযত স্বভাবের ফ্লিক এদিনও সংক্ষিপ্ত বক্তব্যেই নিজের অনুভূতি প্রকাশ করেন। ফুটবলারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘প্রতিটি ম্যাচে লড়াই করার যে মানসিকতা তোমরা দেখিয়েছ, তার জন্য ধন্যবাদ। আমি আমার ফুটবলারদের নিয়ে ভীষণ গর্বিত। সমর্থকদের সামনে, এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে এই মুহূর্তটা সত্যিই বিশেষ। এখন উদযাপনের সময়।’

জয়ের পর বার্সেলোনা ফুটবলাররা নিজেদের ম্যানেজারকে কাঁধে তুলে উদযাপনে মাতেন। পরে ফ্লিক জানান, বাবার মৃত্যুর খবর তিনি ম্যাচের দিন সকালে মায়ের কাছ থেকে পান।

সেই মুহূর্তে তিনি দ্বিধায় ছিলেন, এই খবর দলকে জানাবেন কি না। ফ্লিক বলেন, ‘সকালে মা ফোন করে বাবার মৃত্যুর খবর দেন। আমি ভাবছিলাম বিষয়টা লুকিয়ে রাখব, নাকি দলকে বলব। আমার কাছে এই দলটা একটা পরিবারের মতো।’

তিনি আরও যোগ করেন, ‘ওরা যা করেছে, তা অবিশ্বাস্য। এই মুহূর্ত আমি কোনওদিন ভুলব না। এই ক্লাবের হয়ে কাজ করতে পারা এবং বার্সেলোনায় থাকতে পারা আমার কাছে গর্বের। এখানকার মানুষ আমাকে ভীষণ ভালবাসা দিয়েছে।’ লা লিগা শিরোপা ইতিমধ্যেই নিশ্চিত করেছে বার্সেলোনা। এবার বাকি তিনটি ম্যাচ জিতে মরশুম শেষ করাই লক্ষ্য ফ্লিকের দলের।