আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিরুদ্ধে ম্যাচ মানেই চাপ এবং উত্তেজনা। রবিবার কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপে মহারণের আগে এমনটাই জানালেন পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম।

রবিবার কলম্বোতে ভারত-পাকিস্তান ম্যাচকে সামনে রেখে তিনি চাপ সামলানোর ক্ষেত্রে নিজের মন্ত্রও তুলে ধরেছেন। চলতি টুর্নামেন্টে এখও পর্যন্ত দু’দলই অপরাজিত থাকায় এই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে।

পাকিস্তানের ব্যাটিংয়ের অন্যতম ভরসা বাবর আজম ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক ১০ উইকেটের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত-পাকিস্তান ম্যাচের আবহ সম্পূর্ণ আলাদা। ভারত বনাম পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে বাবর বলেন, ‘এই লড়াই সবসময়ই উচ্চমাত্রার। পুরো বিশ্ব এই একটা ম্যাচের সঙ্গে জড়িয়ে থাকে। দুই দেশের সমর্থকরা তো আছেনই, সঙ্গে মনে হয় যেন গোটা পৃথিবী দেখছে। ফলে প্রত্যাশাও অন্য মাত্রায় পৌঁছে যায়।’

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিরুদ্ধে পাঁচবার খেলেছেন বাবর। তাঁর মতে, এমন ম্যাচে সফল হতে হলে মানসিকভাবে শান্ত থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি জানান, বাইরের চাপ ও যাবতীয় সমালোচনা থেকে নিজেকে দূরে রাখতে পারলে পারফরম্যান্স অনেক ভাল হয়। তিনি বলেন, ‘আমরা অনেক এমন ম্যাচ খেলেছি। অভিজ্ঞতা থেকে শিখেছি, যত শান্ত ও স্বাভাবিক থাকা যায় এবং বাইরের কথাবার্তা কম কানে আসে, ততই ভাল। শান্ত এবং মনোযোগী থাকলে তা অনেক সাহায্য করে।’

দলের তরুণ ক্রিকেটারদেরও একই পরামর্শ দেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। তাঁর কথায়, উত্তেজনা থাকবেই, কিন্তু চাপমুক্ত ও স্বচ্ছন্দ থাকাই সাফল্যের চাবিকাঠি।

৪৮ ঘন্টাও বাকি নেই। রবিবার রাতে ভারত-পাকিস্তান মহারণ। টি-২০ বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে গত দু'সপ্তাহ ধরে নাটক চলছে। একটা সময় পর্যন্ত ম্যাচ হওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল।

অবশেষে সেটা কেটেছে। গ্রুপের প্রথম দুটো ম্যাচ জিতে একই জায়গায় রয়েছে ভারত এবং পাকিস্তান। যদিও নেট রানরেটে এগিয়ে ভারত। রবিবার যে দল জিতবে, তাঁরাই গ্রুপে একনম্বর স্থান অধিকার করে সুপার এইটে যাবে।

সুতরাং, হাড্ডাহাড্ডি লড়াই হবে। খাতায়-কলমে ভারত এগিয়ে থাকলেও, জমি ছাড়বে না পাকিস্তান। পাকিস্তান সরকার ভারতের বিরুদ্ধে খেলার সবুজ সংকেত দেওয়ার পর থেকেই অধির আগ্রহে অপেক্ষা করছে ক্রিকেটভক্তরা। কিন্তু তাঁদের আশায় জল ঢেলে দিতে পারে বৃষ্টি। 

কলম্বোর আবহাওয়া পূর্বাভাস হতাশ করবে ক্রিকেটপ্রেমীদের। ১৫ ফেব্রুয়ারি বঙ্গোপসাগরের আশেপাশে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার প্রভাব পড়তে পারে রবিবার। কলম্বোয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৯৩ শতাংশ।

আবার হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে আশার আলো একটাই। চলতি টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত বৃষ্টির জন্য কোনও ম্যাচ পরিত্যক্ত হয়নি।

বর্তমানে গ্রুপ এ-র শীর্ষস্থানে ভারত। নেট‌ রানরেটে পাকিস্তানের থেকে এগিয়ে। নামিবিয়ার বিরুদ্ধে বড় জয়ের পর কলম্বো পৌঁছেছে টিম ইন্ডিয়া।

বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেলেও পুরোপুরি সুস্থ হননি অভিষেক। নামিবিয়া ম্যাচে টসের পর সূর্যকুমার যাদব জানান, পুরো ফিট হয়ে মাঠে ফিরতে অভিষেকের একটা বা দুটো ম্যাচ মিস হবে।

সেক্ষেত্রে পাকিস্তান ম্যাচ খেলার সুযোগ পাবেন সঞ্জু স্যামসন। তবে শনিবার এই বিষয়ে চূড়ান্ত জানা যাবে। অভিষেকের জন্য শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।