আজকাল ওয়েবডেস্ক: রেহমান জাইদ মাস্কাট থেকে এসেছেন। ওমান থেকে এসেছেন ফতেমা। ভারতের তারকা ক্রিকেটারদের এক ঝলক পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেন তাঁরা। স্বপ্ন বাস্তবে পরিণত করার কোনও তাড়া ছিল না তাঁদের। এই সমস্ত দেশের ফ্যানরা ভারতীয় সুপারস্টারদের এত কাছ থেকে দেখার সুযোগ পায় না। সেই সুযোগ পেয়ে কেই বা হাতছাড়া করতে চাইবে! ভারতীয় ফ্যানরা তো ছিলই। এছাড়াও ছিল পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ওমান, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থকরা। যার মধ্যে বেশিরভাগই ভারতীয় বংশোদ্ভুত। আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে ২০০ জনের বেশি সমর্থক জমায়েত হয়। 

বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত। তার আগে সোমবার বিকেলে প্রায় তিন ঘণ্টার ট্রেনিং সেশন চলে। কোনও সময় নষ্ট করেনি ফ্যানরা। নিজেদের মোবাইলে প্রিয় ক্রিকেটারদের ছবি এবং ভিডিও বন্দি করেন। সুপারস্টারদের থেকে মাত্র পাঁচ মিটার দূরত্বে ছিল তাঁরা। মাঝে শুধু একটি ব্যারিকেড এবং কয়েকজন নিরাপত্তারক্ষী। মাস্কাট থেকে পরিবারের সঙ্গে ঘুরতে এসেছেন জাইদ। ভারতের কয়েকটি ম্যাচ দেখে ফিরবেন। তবে এত কাছ থেকে বিরাট কোহলি, রোহিত শর্মাদের দেখে অভিভূত। ভারতীয় দলের নেট সেশন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে ভক্তরা। তারপর আরও একবার ছবি তোলার চেষ্টা করে। টিম বাসে ওঠার আগে কয়েকজনকে অটোগ্রাফ দেন ভারতীয় দলের ক্রিকেটাররা। ১৭ বছরের ফাতিমা টি-শার্টে শ্রেয়সের সই নিতে পেরে উচ্ছ্বসিত। এত কাছ থেকে ক্রিকেটারদের দেখার সুযোগ পাওয়ার জন্য আইসিসির কাছে কৃতজ্ঞ তরুণী। বিরাট কোহলির অটোগ্রাফ নিতেও সক্ষম হন তিনি। তবে সামির অটোগ্রাফ না পাওয়ার আফশোস‌ রয়েছে ফতেমার।