আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে গেল অ্যাটলেটিকো মাদ্রিদ ও গতবারের চ্যাম্পিয়ন পিএসজি।


বার্সেলোনাকে হারিয়ে শেষ চারে গিয়েছে স্পেনেরই অ্যাটলেটিকো মাদ্রিদ। লিভারপুলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পিএসজি। যদিও হারের পর রেফারিদের নিশানা করেছেন বার্সার রাফিনহা। 


দুই পর্ব মিলিয়ে ৩–২ গোলে বার্সাকে হারিয়েছে অ্যাটলেটিকো। প্রথম পর্বে ২–০ জিতেছিল তারা। দ্বিতীয় পর্বে বার্সা ২–১ গোলে জিতলেও বিদায় নিতে হয়েছে। দুই পর্বেই বার্সার দুই ফুটবলার লাল কার্ড দেখেছেন। চোটের কারণে দু’টি পর্বেই খেলতে পারেননি রাফিনহা। তাঁর অভিযোগ, রেফারি তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন।


প্রথম পর্বে ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন ইস্তভান কোভাকস। দ্বিতীয় পর্বের ম্যাচে রেফারি ছিলেন ক্লেমেন্ট তুরপিন। প্রথম পর্বের ম্যাচে ৪২ মিনিটের মাথায় গুলিয়ানো সিমিওনেকে ফাউল করেন পাউ কুবার্সি। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখিয়েছিলেন। কিন্তু ভার রিপ্লে দেখে লাল কার্ড দেখান তিনি। সেই ফ্রিকিক থেকেই গোল করেন ইউলিয়ান আলভারেস। পরের পর্বেও এক ছবি। আলেকজান্ডার সরলথকে ফাউল করায় প্রথমে গার্সিয়াকে হলুদ কার্ড দেখিয়েছিলেন তুরপিন। পরে ভার রিপ্লে দেখে তিনিও লাল কার্ড দেখান। যা নিয়ে রাফিনহা বলেছেন, ‘‌এটা রীতিমতো ডাকাতি। দুটো পর্বেই এক ঘটনা ঘটেছে। রেফারি খুব খারাপ সিদ্ধান্ত নিয়েছেন।’‌ 


এদিকে, দ্বিতীয় পর্বে ৪ মিনিটের মাথায় বার্সাকে এগিয়ে দিয়েছিলেন লামিনে ইয়ামাল। ২৪ মিনিটে ব্যবধান বাড়ান ফেরান টোরেস। ৩১ মিনিটে এক গোল শোধ করেন আদেমোলা লুকমান। দ্বিতীয়ার্ধে ৭৯ মিনিটে লাল কার্ড দেখেন এরিক গার্সিয়া। সেখান থেকে আর ফিরতে পারেনি বার্সা। 


অন্য কোয়ার্টার ফাইনালে পিএসজির বিরুদ্ধে ভাল ফুটবল খেলেও হার মানতে হয়েছে লিভারপুলকে। ফরাসি ক্লাবের রক্ষণের কাছে হার মানতে হয়েছে ইংল্যান্ডের ক্লাবকে। লিভারপুরের ঘরের মাঠে পিএসজির হয়ে দু’টি গোলই করেছেন উসমান দেম্বেলে। একটি ৭২ মিনিটে। অপরটি অতিরিক্ত সময়ে।