আজকাল ওয়েবডেস্ক: এমিলিয়ানো মার্টিনেজ গোলে মানে নিশ্চিন্ত সতীর্থরা। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পিছনে বড় অবদান তাঁর। 

ফ্রান্সকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই তিনি ফরাসিদের শত্রুতে পর্যবসিত হয়েছেন। 

সেই মার্টিনেজ আরও একবার ফরাসিদের বার্তা দিলেন। বুধ-রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে পিএসজির ঘরের মাঠে খেলতে নামবে অ্যাস্টন ভিলা। 

ওই ম্যাচ খেলতে প্যারিসের বিমান ধরার সময়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন মার্টিনেজ। তাতে দেখা যায়  মাথায় যে টুপিটা তিনি পরে রয়েছেন, যার সামনে রয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো ও ভিতরে তিনটি বিশ্বকাপ জয়ের ছবি। 


ফ্রান্সের ফুটবল ভক্তদের কাছে শত্রু বলে বিবেচিত হন মার্টিনেজ। কিলিয়ান এমবাপের আদলে পুতুল কোলে নিয়ে তাঁর অঙ্গভঙ্গি কুখ্যাত হয়ে রয়েছে। 


পিএসজি তথা ফ্রান্স ভক্তদের বল গড়ানোর আগে কটাক্ষ করলেন মার্টিনেজ। মাঠে তাঁর জন্য কী অপেক্ষা করে রয়েছে, তা জানা নেই। তবে লুইস এনরিকের পিএসজি ভাল ছন্দে রয়েছে। ফলে সাঁ জাঁ-র ফুটবলাররা যে মার্টিনেজের পরীক্ষা নেবেন তা বলাই বাহুল্য।