আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ফুটবলে সাফল্যের আরেক নাম আন্তোনিও লোপেজ হাবাস। আইএসএলের ইতিহাসে অন্যতম সফল এই স্প্যানিশ কোচ এবার নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব নিতে চলেছেন তিনি। লাল-হলুদে হাবাসের আসা কেবল সময়ের অপেক্ষা। 

হাবাসের কোচিং কেরিয়ার ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করেছে। তাঁর হাত ধরেই এটিকে আইএসএলে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। পরবর্তীতে মোহনবাগানেও তিনি সাফল্যের ছাপ রেখে গিয়েছেন। অভিজ্ঞতা, কৌশল এবং বড় ম্যাচে দলকে সঠিকভাবে পরিচালনা করার দক্ষতার জন্য তিনি বরাবরই ভারতীয় ফুটবলের অন্যতম নির্ভরযোগ্য কোচ হিসেবে পরিচিত।

ইস্টবেঙ্গল কর্তারা অবশ্য হাবাসকে আগেও চেয়েছিলেন। তবে সেই সময়ে শেষ পর্যন্ত কার্লেস কুয়াদ্রাতের হাতেই দলের দায়িত্ব তুলে দেওয়া হয়। হাবাস আর আসেননি ইস্টবেঙ্গলে। 

এবার পরিস্থিতি বদলেছে। লাল-হলুদ শিবিরের লক্ষ্য দীর্ঘমেয়াদি সাফল্য, আর সেই লক্ষ্য পূরণে হাবাসই প্রথম পছন্দ হয়ে উঠেছেন।

এদিকে নতুন মরশুমের দল গঠনের কাজও শুরু করেছে ইস্টবেঙ্গল। এখনও পর্যন্ত দুই বিদেশি ফুটবলারকে নিশ্চিত করেছে ক্লাব। গত মরশুমের নির্ভরযোগ্য মিডফিল্ডার মহম্মদ রশিদের সঙ্গে চুক্তি নবীকরণ করা হয়েছে। পাশাপাশি পাঞ্জাব এফসি থেকে দানি রামিরেজকে দলে নিয়েছে লাল-হলুদ। তবে আপাতত নতুন বিদেশি নিয়োগের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। ফলে কেভিন সিবিয়েকে সই করানোর বিষয়টিও অনিশ্চয়তায় রয়েছে। কেভিনের ভাগ্য ঝুলে রয়েছে। হাবাস যদি সবুজ সঙ্কেত দেন, তবেই আর্জেন্টাইন ডিফেন্ডার থাকবেন লাল-হলুদে। 

ক্লাব সূত্রে খবর, হাবাসের নিয়োগ চূড়ান্ত হওয়ার পর তাঁর পরিকল্পনা অনুযায়ী বাকি বিদেশি ফুটবলার বেছে নেওয়া হবে। অর্থাৎ, দল গঠনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে স্প্যানিশ কোচের মতামতই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে।

সমর্থকদের প্রত্যাশা এখন একটাই। হাবাসের অভিজ্ঞতা, তাঁর লড়াকু মানসিকতা ও জেতার খিদে তিনি ছড়িয়ে দেবেন দলের ছেলেদের মধ্যে। অস্কার ব্রজোঁর ছেড়ে যাওয়া হটসিটে বসছেন হাবাস, তা একপ্রকার ঠিক।