আজকাল ওয়েবডেস্ক: ভারতের ঘরের মাঠে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে আফগানিস্তান। সেই সিরিজের দল ঘোষণা ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে। তবে ঘোষণার আগেই বড় দুশ্চিন্তার খবর, ফিটনেস সমস্যায় ভুগছেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

আইপিএল ২০২৬-এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে খেলছেন রোহিত। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে রান তাড়া করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট লাগে হিটম্যানের। তার পরে কয়েকটি ম্যাচ মিস করেন তিনি। জানা গিয়েছে, ওয়ানডে সিরিজে তাঁর অংশগ্রহণ পুরোপুরি নির্ভর করছে ফিটনেসের ওপর। এখনও তিনি হাই-স্পিড রানিং ও ফিল্ডিংয়ের নির্ধারিত মান পূরণ করতে পারেননি। 

অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া পিঠের টানজনিত সমস্যায় ভুগছেন। কিছু ম্যাচ তিনি খেলতে পারেননি। তবে বর্তমানে হাই ইনটেনসিটি ট্রেনিং শুরু করলেও পিঠের নীচের অংশে শক্তভাব এখনও সমস্যা তৈরি করছে। 

আগামী কয়েক দিনের মধ্যেই তিনি 'রিটার্ন টু প্লে'  অনুমোদন পেতে পারেন, তবে ওয়ানডে সিরিজে তাঁর খেলা নির্ভর করছে ফিটনেসের উপর। 

রোহিত ইডেন গার্ডেন্সে হতে চলা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বইয়ের পরবর্তী ম্যাচে খেলতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে হার্দিকের মাঠে ফেরা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।

অন্যদিকে, আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে ১৪ জুন। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ১৭ ও ২০ জুন। 

চলতি আইপিএলে পারফরম্যান্সের দিক থেকে রোহিত তুলনামূলক ভাল ছন্দে আছেন। সাত ম্যাচে তিনি ২৬৮ রান করেছেন। রয়েছে দুটি পঞ্চাশও।

অন্যদিকে হার্দিকের পারফরম্যান্স হতাশাজনক। আট ম্যাচে তিনি করেছেন ১৪৬ রান। বল হাতে নেন মাত্র ৪ উইকেট।