আজকাল ওয়েবডেস্ক: আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিলেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। পিঠের চোটের জন্য টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত রশিদের গলায়। সাদা বলের ক্রিকেটে আরও বেশি ফোকাসের জন্যও এই সিদ্ধান্ত নিতে চলেছেন রশিদ।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ জেতানো বোলিং করার পর রশিদ এমনটাই ইঙ্গিত দিয়েছেন। এটা ঘটনা, পিঠের চোট দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছে আফগান স্পিনারকে। ২০২৩ বিশ্বকাপের পর অস্ত্রোপচারও করিয়েছিলেন রশিদ। অস্ত্রোপচারের পর ২০২৪ সালে ফের ক্রিকেটে ফেরেন তিনি। বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগ খেলার পাশাপাশি দেশের হয়েও প্রতিনিধিত্ব করছেন। যদিও আফগানিস্তান খুব বেশি টেস্ট খেলে না। তাই রশিদ বলছেন, ‘লাল বলের ক্রিকেট একটু কঠিনই মনে হয়। চিকিৎসকই আমায় বলেছিলেন লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকো।’
তবে চিকিৎসকের এই নির্দেশ রশিদ মানেননি। টেস্ট খেলেছেন দেশের হয়ে। তাঁর কথায়, ‘অস্ত্রোপচারের পর জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি টেস্টে ৬৭ ওভার বল করেছিলাম। চিকিৎসকরা বলেছিলেন, ক্রিকেট খেলতে না চাইলে লাল বলের ক্রিকেট খেলে যাও। দীর্ঘ কেরিয়ার করতে চাইলে লাল বলের ক্রিকেট ছাড়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা।’
রশিদ অবশ্য সাদা বলের ক্রিকেটেই এখন বেশি মনোনিবেশ করছেন। চলতি বছরেই ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজ রয়েছে আফগানিস্তানের। সেই সিরিজে খেলবেন রশিদ। তাঁর কথায়, ‘বিষয়টা আমিও ভাবছি। তবে এটা ঘটনা সাদা বলের ক্রিকেট আমি উপভোগ করি। দেশের হয়ে দীর্ঘদিন একদিনের ক্রিকেট খেলতে চাই।’ রশিদ আরও বলেছেন, ‘বছরে একটা বা দুটো টেস্ট ঠিক আছে। কিন্তু তার বেশি টেস্ট খেলতে হলে সেটা আমার কাছে সমস্যারই হবে। শেষ দুটো টেস্ট ম্যাচে আমি ১২৬ ওভার বল করেছি। যা বড্ড বেশি। তাছাড়া টেস্ট ক্রিকেটে আমার সেরকম লক্ষ্যও নেই।’















