আজকাল ওয়েবডেস্ক: আইসিসি ট্রফি নিয়ে অনিশ্চয়তা চলছেই। পাকিস্তানে দল পাঠাবে না বলে ভারতীয় বোর্ড বেঁকে বসার পরেই পরিস্থিতি ঘোরালো হতে শুরু করেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড 'হাইব্রিড মডেল'-এর প্রস্তাব জানালেও পিসিবি তা নস্যাৎ করে দিয়েছে। এই আবহেই পাকিস্তানের মিডিয়ায় খবর, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড নাকি চ্যাম্পিয়ন্স ট্রফি পাক মুলুক থেকে সরানোর জন্য অন্য বোর্ডকে ঘুষ দিচ্ছে।
ক্রিকেট পাকিস্তানে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অন্য দেশের ক্রিকেট বোর্ডকে মোটা অঙ্কের প্রস্তাব দিচ্ছে। এমনকী আইসিসি-র কাছ থেকে যে আয় হয়, তার কিছু অংশ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
এছাড়াও বিশাল অঙ্কের আর্থিক প্রলোভন দিয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলোকে বিসিসিআই জানিয়েছে, ভবিষ্যতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলা হবে সেই সব দেশের সঙ্গে। তাদের বলা হয়েছে হয় হাইব্রিড মডেলের দাবিতে তারা যেন ভারতের পাশে থাকে অথবা চ্যাম্পিয়ন্স ট্রফি অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য তারাও যেন দাবি তোলে।
এই ধরনের অভিযোগ পাকিস্তান থেকে তোলা হচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বিরুদ্ধে। যদিও সরকারি ভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে এই বিষয়ে অভিযোগ জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে ১৯ নভেম্বর চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি জানানোর কথা।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যে জট তৈরি হয়েছে, স্মরণকালের মধ্যে অন্য কোনও টুর্নামেন্ট নিয়ে এরকম জটিলতা তৈরি হয়নি। শেষ পর্যন্ত কোন দেশের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির বল গড়ায় সেটাই দেখার।
















