আজকাল ওয়েবডেস্ক: দেশের প্রাক্তন ক্রিকেটার ও রাজ্যসভার সাংসদ হরভজন সিংয়ের বাসভবনের বাইরে শনিবার বিক্ষোভ দেখালেন আম আদমি পার্টির (আপ) কর্মীরা।
শুক্রবার ভাজ্জি আরও ছ'জন সাংসদের সঙ্গে দলত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেওয়ার পর থেকেই রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিক্ষোভকারীরা হরভজন সিংয়ের জলন্ধরের বাসভবনের দেওয়ালে কালো রংয়ে 'গদ্দার' অর্থাৎ বিশ্বাসঘাতক শব্দ লিখে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি কয়েকজন কর্মী কালো কাপড়ে চোখ বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান।
ঘটনার সময়ে হরভজন সিং বাড়িতে উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে।
২০২২ সালের এপ্রিল মাসে রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হন হরভজন সিং। শুক্রবার তিনি, রাঘব চাড্ডা, অশোক মিত্তল ও সন্দীপ পাঠক-সহ মোট সাতজন সাংসদের সঙ্গে আপ ত্যাগের ঘোষণা করেন এবং পরবর্তীতে বিজেপিতে যোগ দেন।
এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দলত্যাগী সাংসদদের 'গদ্দার' বলে আখ্যা দেন। পরে সাংবাদিক বৈঠকে তিনি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা আপকে ভেঙেছেন। পাঞ্জাবের মানুষের সঙ্গে বিশ্বসাঘাতকতা করার অভিযোগও আনেন।
ভারতের রীজনীতিতে বড়সড় চমক আনেন রাঘব চাড্ডা। আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাঘব চাড্ডা। তাঁর এই পদক্ষেপে শুধু দলীয় সমীকরণই বদলায়নি, বরং ব্যক্তিগত জনপ্রিয়তাতেও বড় ধাক্কার ইঙ্গিত মিলছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় ‘আনফলো’ ট্রেন্ড তাঁর প্রতি যুবসমাজের মনোভাব নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। ভাজ্জিকেও শুনতে হল গদ্দার অপবাদ।















