আজকাল ওয়েবডেস্ক:‌ ৬৪ বছর বয়সে অভিষেক!‌ তাও আবার আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে। ৬৪ বছরের জোয়ানা চাইল্ড পর্তুগাল জাতীয় মহিলা দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটালেন নরওয়ের বিরুদ্ধে। ৬৪ বছর ১৮৪ দিন বয়সে আন্তর্জাতিক টি–২০ ক্রিকেটে অভিষেক করে বাইশ গজে তাক লাগিয়ে দিলেন জোয়ানা চাইল্ড।


আলবার্গারিয়ায় নরওয়ের বিরুদ্ধে পর্তুগালের হয়ে অভিষেক করেছেন তিনি। তবে ইতিহাস ঘাঁটলে দেখা যাচ্ছে, কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেককারী হিসেবে জোয়ানা থাকবেন দুয়ে। জিব্রাল্টারের স্যালি বার্টন, ৬৬ বছর ৩৩৪ দিন বয়সে মাইলস্টোন তৈরি করেছিলেন। 


আর জোয়ানা টপকে গিয়েছেন ফকল্যান্ড আইল্যান্ডের অ্যান্ড্রিউ ব্রাউনলি (‌৬২ বছর ১৪৫ দিন)‌ ও কেম্যানের ম্যালি মুর (‌৬২ বছর ২৫ দিন)‌।


৭ এপ্রিল আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে অভিষেক হয় জোয়ানার। তবে মাত্র ২ রান করেন জোয়ানা। যদিও তাঁর দেশ পর্তুগাল শেষ ম্যাচে ১১০ রানে হারিয়েছে নরওয়েকে। সঙ্গে সিরিজ জিতে নিয়েছে ২–১ ব্যবধানে। জোয়ানা তিন ম্যাচেই অংশ নিয়েছিলেন। বলও করেছেন। তবে মাত্র এক ওভার। যদিও সেটা বড় কথা নয়। এই বয়সে খেলার খিদেটাই হচ্ছে বড় কথা। 


জোয়ানার কেরিয়ারে আর কোনও প্রতিযোগিতামূলক রেকর্ড পাওয়া যায়নি। তবুও সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে তুমুল চর্চা হচ্ছে।