দুবাইয়ের জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান যশ ভরদ্বাজ। মঞ্চে দাঁড়িয়ে শ্রোতাদের হাসানোই তাঁর পেশা, কিন্তু হাসানোর জন্যই হাজতবাস করলেন কৌতুকশিল্পী৷  টানা ৪৭ দিন জেলবন্দি ছিলেই কৌতুকশিল্পী, ভারতীয় বংশোদ্ভূত স্ট্যান্ড-আপ কমেডিয়ান যশ ভরদ্বাজের এই খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।  

কী অপরাধ?  

গুগল ম্যাপ নিয়ে মজার কথা বলাই ছিল অপরাধ৷ দুবাইয়ে আটক হন যশ৷ অভিযোগের ভিত্তিতে দুবাই প্রশাসন তাঁকে আটক করে। এই সময়টিকে নিজের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় বলে বর্ণনা করেছেন যশ৷ 
যশ ইন্সটাগ্রামে জানিয়েছেন, মার্চ মাসের ১৯ তারিখ একটা অনুষ্ঠান ছিল দুবাইতে৷ হঠাৎ দুবাই পুলিশের তরফে একটি ফোন আসে তাঁর কাছে৷ যত দ্রুত সম্ভব পুলিশের হেডকোয়ার্টারে আসার নির্দেশ দেওয়া হয়৷ 

দুবাইকে নিয়ে একটি রিল বানানো তাঁর অপরাধ৷ যশের মতে এটি 'ক্ষতিহীন' রিল ছিল দুবাইয়ের৷ কিন্তু প্রশাসন সেটা অন্যভাবে দেখেছেন বলেই জানিয়েছেন যশ৷ ৪৭ দিন জেলে থাকার পরে ৫ মে তিনি মুক্তি পান। এই সময় তাঁর এবং তাঁর পরিবারের উপর মানসিক চাপ গিয়েছে বলেও জানিয়েছেন কৌতুকশল্পী৷ যদিও খুব তাড়াতাড়ি মঞ্চে ফিরবেন যশ, জানিয়েছেন৷ 

 ২০১৭ সালে আবু ধাবিতে মানুষকে হাসানোর কাজ শুরু করেন যশ৷  ক্রমে তিনি হয়ে ওঠেন সংযুক্ত আরব আমিরশাহির অন্যতম প্রথম সারির স্ট্যান্ড-আপ কমেডিয়ান। অভিষেক উপমন্যু, অমিত তান্ডন, কুণাল কামরার মতো বহু খ্যাতনামীর সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছেন৷ 

সংযুক্ত আরব আমিরশাহি-সহ উপসাগরীয় দেশগুলিতে সোশ্যাল মিডিয়া ও জনসমক্ষে বক্তব্য সংক্রান্ত আইন অত্যন্ত কঠোর। ভারতে যা সাধারণ কৌতুক বলে গণ্য হতে পারে, সেখানে তা অপরাধ হিসেবে বিবেচিত হয়৷