সাদা শার্ট দেখতে খুব সাধারণ হলেও, ঠিকমতো স্টাইল করলে এটি আপনার পুরো লুক বদলে দিতে পারে। অফিসে হোক বা পার্টিতে, একই সাদা শার্ট দিয়েই আপনি একাধিক স্টাইল তৈরি করতে পারবেন। গরমের দিনে সুতি কিংবা লিনেনের সাদা শার্ট পরলে স্টাইলের সঙ্গে বজায় থাকে আরামও।
প্রথমেই আসা যাক অফিস লুকের কথায়। অফিসে সাদা শার্ট পরলে সবসময়ই পরিষ্কার, স্মার্ট ও পেশাদার ইমেজ তৈরি হয়।
আপনি সাদা শার্ট কালো, ধূসর বা নেভি রঙের ট্রাউজারের সঙ্গে পরতে পারেন। শার্টটি প্যান্টের ভেতরে গুঁজে পরলে বেশি পরিপাটি দেখায়। চাইলে ওপর থেকে একটি ব্লেজার যোগ করতে পারেন। এতে লুক আরও ফরমাল ও আত্মবিশ্বাসী লাগবে। খুব বেশি গয়না না পরে, ছোট ইয়াররিং বা একটি ঘড়ি পরলেই যথেষ্ট।
এবার ধরা যাক অফিসের পর বন্ধুদের সঙ্গে আড্ডা বা কোথাও ঘুরতে যাচ্ছেন। তখন একই সাদা শার্ট দিয়েই সহজে ক্যাজুয়াল লুক তৈরি করা যায়। শুধু ট্রাউজারের বদলে একটি জিন্স পরে নিন।
শার্টটি পুরো না গুঁজে একটু ঢিলেঢালা রেখে পরতে পারেন। হাতার বোতাম খুলে স্লিভ গুটিয়ে নিলে আরও রিল্যাক্সড লুক আসে। সঙ্গে স্নিকার্স বা ফ্ল্যাট জুতো পরলে একদম আরামদায়ক ও স্টাইলিশ দেখাবে।
এবার যদি পার্টির কথা ভাবেন, তখনও এই সাদা শার্টই আপনার সেরা সঙ্গী হতে পারে। একটু আলাদাভাবে স্টাইল করলেই আপনি পুরো গ্ল্যামারাস লুক পেয়ে যাবেন।
সিকুইন বা চকচকে স্কার্টের সঙ্গে শার্টটি পরতে পারেন। শার্টের ওপরের দু-একটি বোতাম খুলে, সঙ্গে একটি স্টেটমেন্ট নেকলেস বা বড় কানের দুল পরলে লুকটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে। হাই হিল বা স্টাইলিশ ব্যাগ যোগ করলে পার্টি লুক সম্পূর্ণ হয়ে যায়।
কিছু সহজ স্টাইলিং টিপসও মনে রাখতে পারেন। শার্টের নিচে গিঁট বেঁধে ক্রপ স্টাইল তৈরি করতে পারেন, যা এখন খুব ট্রেন্ডিং। আবার একপাশ একটু নামিয়ে অফ-শোল্ডার লুকও ট্রাই করতে পারেন। রঙিন প্যান্ট বা প্রিন্টেড স্কার্টের সঙ্গে সাদা শার্ট খুব সুন্দর মানিয়ে যায়, তাই নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে ভয় পাবেন না।
সবশেষে বলা যায়, সাদা শার্ট এমন একটি পোশাক যা খুব কম খরচে আপনাকে নানা রকম স্টাইলের সুযোগ দেয়। একটু বুঝে পরলেই, একই শার্টে কখনও প্রফেশনাল, কখনো ক্যাজুয়াল, আবার কখনও পার্টির রেডি হয়ে উঠতে পারবেন।















