জাপানের একটি চিড়িয়াখানার এক অদ্ভুত ‘লায়ন এস্কেপ ড্রিল’ বা সিংহ খাঁচা থেকে পালালে কী করণীয়, সেই সংক্রান্ত মহড়ার ভিডিও এখন নেটদুনিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। তবে আচমকা মারাত্মক এই বিপদের প্রস্তুতি নেওয়ার জন্য তৈরি এই ভিডিওটি মানুষ কিন্তু গম্ভীর হয়ে দেখছেন না, বরং এটি হয়ে উঠেছে নেটপাড়ার হাসির খোরাক! আর তার আসল কারণ মহড়া দেওয়া কর্মচারীরা নন, খাঁচার ভেতর থেকে এই পুরো কাণ্ডকারখানা লাইভ দেখতে থাকা আসল সিংহদের প্রতিক্রিয়া!
আসলে, জরুরি পরিস্থিতির মোকাবিলা করতে জাপানের একটি চিড়িয়াখানা প্রতি বছরই ‘লায়ন এস্কেপ ড্রিল’-এর আয়োজন করে। এবারের মহড়াতেও এক চিড়িয়াখানা কর্মী সিংহের একটি অদ্ভুত কস্টিউম পরে ‘পালিয়ে যাওয়া ক্ষ্যাপা সিংহ’-এর অভিনয় করছিলেন। কিন্তু আসল টুইস্ট তখন এল, যখন দেখা গেল খাঁচার ওপার থেকে আসল সিংহরা অত্যন্ত গম্ভীর এবং বিভ্রান্ত মুখে মানুষের এই ‘নাটক’ দেখছে। তাদের মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল, তারা মানুষের এই কাণ্ডকারখানা নিয়ে মনে মনে চরম বিচার করছে!
ইনস্টাগ্রামে ‘এলমিরা আলাসখানোভা’ নামের একটি হ্যান্ডেল থেকে শেয়ার হওয়া এই ভিডিওটি মাত্র তিন দিনেই হাজার হাজার ভিউ কুড়িয়েছে এবং নেটপাড়ায় হাসির রোল তুলেছে।ভিডিওটি ভাইরাল হতেই কমেন্ট বক্সে জোকস আর মিমের বন্যা বয়ে গেছে। অনেকেই আসল সিংহদের দৃষ্টিভঙ্গি থেকে কাল্পনিক সংলাপ তৈরি করে কমেন্ট করেছেন।
?utm_source=ig_web_button_share_sheet
এক নেট ব্যবহারকারী লিখেছেন, “সিংহ ১: কোরা, তুমিও কি ওটা দেখছ যা আমি দেখছি? ওরা কি সত্যি ভাবছে আমরা দেখতে ওই রকম?” অন্য একজন আবার লিখেছেন, “সিংহ ১: আচ্ছা, আমাদের মধ্যে কে ওভাবে চলাফেরা করে রে? সিংহ ২: কেন গুয়েন, প্রতি মঙ্গলবার তো তোকে ওই রকমই দেখতে লাগে!”
অন্য এক নেটিজেনের টিপ্পনি, “মানুষের জন্য এটা ইমার্জেন্সি ড্রিল হতে পারে, কিন্তু সিংহদের জন্য এটা আসলে তাদের বার্ষিক কমেডি শো!” আবার কেউ লিখেছেন, “ওরা খাঁচার ভেতর থেকে ভাবছে— রজার, আমরা জানি ওটা তুমি! তোমাকে দেখতে চরম বোকা লাগছে।”
আজকের রিলস আর ভাইরাল ভিডিওর যুগে এই ধরনের ‘বিজার’ বা অদ্ভুত ঘটনাগুলো নিমেষেই মানুষের মন ভালো করে দেয়। চিড়িয়াখানার কর্মীরা যেখানে জাল এবং ট্র্যাঙ্কুলাইজার গান (অচেতন করার বন্দুক) নিয়ে নিজেদের দায়িত্ব পালন করতে ব্যস্ত ছিলেন, সেখানে আসল সিংহদের ওই শান্ত, গম্ভীর অথচ চরম বিভ্রান্ত লুকটাই ভিডিওর আসল ‘ইউএসপি’ হয়ে উঠেছে। মানুষের তৈরি করা এই নিখাদ বিনোদন যে খাঁচার ভেতরের বন্যপ্রাণীরাও এত তারিয়ে তারিয়ে উপভোগ করতে পারে, তা এই ভিডিও না দেখলে বিশ্বাস করা কঠিন!















