চুরাশি বছর ধরে আকাশে ওড়ার স্বপ্ন বুকে চেপে রেখেছিলেন এক বৃদ্ধা। সেই স্বপ্ন পূরণ করে দিলেন তাঁর প্রিয় নাতি অর্ণব। ইনস্টাগ্রামে আপলোড হওয়া এই ছোট্ট মুহূর্ত আজ লক্ষ মানুষের চোখ ভিজিয়েছে।
ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ব্যস্ত করিডর দিয়ে ধীর পায়ে হেঁটে চলেছেন এক বৃদ্ধা। বয়স চুরাশি। পরনে সাদা শাড়ি, চুলে রুপোলি ঢেউ, চোখে অপার বিস্ময়। পিছনে নাতি ক্যামেরা হাতে — চোখে জল, মুখে হাসি। কয়েক মুহূর্ত পরেই বিমানের জানালা দিয়ে প্রথমবার বাইরের আকাশ দেখবেন তিনি। জীবনের প্রথম উড়ান, ৮৪ বছর বয়সে।
দিল্লি-নিবাসী কনটেন্ট ক্রিয়েটর অর্ণব। যিনি নিজেকে পরিচয় দেন ‘পুত্র, বন্ধু, শিল্পী ও বৈমানিক’ হিসেবে — ইনস্টাগ্রামে ভিডিওটি ভাগ করে নেওয়ার পর থেকে নেটিজেনরা আবেগে ভাসছে৷
ভিডিওর উপর লেখা “আমার স্বপ্ন পূরণে লেগেছে মাত্র ২২ বছর, কিন্তু ঠাকুমার প্রথম উড়ানের জন্য লেগে গেল গোটা ৮৪।”
ইন্ডিগো বিমানের আসনে আরাম করে বসে আছেন ঠাকুমা। নাতির হাত থেকে নিয়ে খাচ্ছেন মাখানা৷ সিট-বেল্ট, ট্রে-টেবল, জানালার বাইরের পেঁজা মেঘ — সবই তাঁর কাছে অপরিচিত। অথচ মুখে এক প্রশান্তির হাসি, যেন বহু যুগ আগে গোপনে দেখা একটি ছোট্ট ইচ্ছে আজ ডানা মেলেছে। মন্তব্যের ঘরে হাজার হাজার নেটিজেন লিখেছেন — “ভাই, তুমি জীবনে জিতে গেলে,” “মূল্যবান মুহূর্ত,” “এমন নাতি ঘরে ঘরে হোক।”















