বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী হেলেন আবারও প্রমাণ করলেন, বয়স কখনও ফিট থাকার পথে বাধা নয়।৮০-র কোঠা পেরিয়েও তিনি নিয়মিত শরীরচর্চা করেন। সম্প্রতি তাঁর সহজ জিম রুটিন নিয়ে চর্চা শুরু হয়েছে। যা নেটদুনিয়ায় প্রশংসা কুড়োচ্ছে। 


সম্প্রতি হেলেনের ফিটনেস ট্রেনার একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, হেলেন ধীরে-সুস্থে কিছু সহজ ব্যায়াম করছেন, যা বিশেষ করে বয়স্কদের জন্য খুবই উপযোগী। এই ব্যায়ামগুলো শরীরকে সচল রাখে এবং দৈনন্দিন কাজ সহজ করে।


জানা গিয়েছে, হেলেনের ফিটনেস রুটিনে রয়েছে পাঁচটি সাধারণ ব্যায়াম। প্রথমটি হল চেয়ার থেকে ওঠা-বসা, যা পায়ের শক্তি বাড়ায় এবং হাঁটাচলা সহজ করে। 


দ্বিতীয়টি ব্রিজিং ব্যায়াম। এতে কোমর ও পিঠ মজবুত হয়। তৃতীয় ধাপে তিনি একবার এক পা তুলে নামানোর ব্যায়াম করেন, যা শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।


এছাড়া রয়েছে ওয়াল পুশ-আপ, যেখানে দেওয়ালে ভর দিয়ে পুশ-আপ করা হয়। এটি হাত ও বুকের পেশি শক্ত করে। শেষ ধাপে তিনি থেরাব্যান্ড ব্যবহার করে কাঁধের ব্যায়াম করেন, যা শরীরকে নমনীয় রাখে।


বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ব্যায়াম ধীরে এবং নিয়ন্ত্রিতভাবে করা যায় বলে বয়স্কদের জন্য খুবই নিরাপদ। এতে শরীর শক্ত থাকে, পড়ে যাওয়ার ঝুঁকি কমে এবং স্বাধীনভাবে চলাফেরা করা সহজ হয়।


সবমিলিয়ে হেলেনের এই ফিটনেস রুটিন গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। সুস্থ থাকতে কঠিন ব্যায়াম নয়, নিয়মিত সহজ অভ্যাসই যথেষ্ট। বয়স যতই হোক, ইচ্ছে থাকলে সক্রিয় ও সুস্থ জীবনযাপন সম্ভব।