আজকাল ওয়েবডেস্ক: তাপমাত্রার পারদ বাড়ছে ক্রমশ। অফিস-স্কুল-কলেজ না থাকলে বাড়িতে থাকাটাই শ্রেয়। যদিও দৈনন্দিন কাজের জন্য বাড়ির বাইরে যেতেই হয়। তবে বাড়িতে থাকলেও যে খুব আরাম তা নয়, অগত্যা ভরসা বাতানুকূল যন্ত্রের। বিশেষজ্ঞদের মতে, এই সময় বাড়ি ঠান্ডা রাখতে বিশেষ অন্দরসজ্জা প্রয়োজনীয়। যেখানে নান্দনিকতার পাশাপাশি থাকবে প্রশান্তি।
ফলের রং ফুটে উঠুক বাড়ির দেওয়ালে। ট্যাঞ্জারিং, লাইন কিংবা হানিডিউ- অন্দর সজ্জায় থাকুক এই সব রং। এইসব রঙের মানানসই কিছু মিক্স অ্যান্ড ম্যাচ রাখতে পারেন অন্য দেয়ালগুলোতে। যেমন অলিভ বা পিচ। সোফা টেবিল কিংবা অন্যান্য আসবাবপত্রে থাকো একটু উডেন টাচ। নান্দনিকতার পাশাপাশি এগুলো আপনার বাড়ির অন্দর মহলে আনবে লাক্সারি ।
আপনার অ্যাস্থেটিক সৃজনশীলতা ফুটিয়ে তুলতে রেট্রো স্টাইল বেছে নিতে পারেন। যেমন উডেন সিলিং আর্কলিক ল্যাম্প ইত্যাদি। অতিরিক্ত কিছু করবেন না। মনে রাখবেন বাড়ির অন্দরমহল যত সাধারণ হবে তত বেশি সৌখিনতা ফুটে উঠবে।
নজর দিন বাড়ির পর্দাতেও। আর কিছুদিন পর থেকে লু বইতে শুরু করবে। তাই সুতির পর্দা ব্যবহার করুন। যে জানলা গুলো দিয়ে বেশি রোদ আসে সেখানে একটু মোটা ফ্যাব্রিকের পর্দা লাগান। পর্দার রং যেন হালকা হয় বাড়ির দেওয়ালের সঙ্গে মানানসই করে। ‌
ডাইনিং টেবিল, বসার ঘরে, সেন্টার টেবিলে, বারান্দায়, কিছু ইনডোর প্ল্যান্ট রাখতে ভুলবেন না। এতে শুধু ঘর ঠান্ডা থাকবে না, আপনার মন থাকবে ফুরফুরে।
ঘরে মৃদু আলো রাখুন। এতে গরমের তীব্রতা কিছুটা হলেও কম মনে হবে।