আজকাল ওয়েব ডেস্কঃ শীত আসছে।দুর্গাপূজো মিটতেই হালকা শীতের আমেজ পড়তে শুরু হবে।মুখের ত্বক, হাত-পা ধীরে ধীরে খসখসে ও শুষ্ক হয়ে যায় এই সময়ে।তাই শীত আসার অপেক্ষায় না থেকে আগেই শুরু করুন ত্বকের পরিচর্যা।ঠান্ডা পড়লেও ত্বক শুষ্ক হবে না।
বাজারচলতি বিভিন্ন  নামিদামী কোম্পানির ফেস সিরাম ব্যবহার করার চল শুরু হবে কিছুদিন পর থেকে।চিন্তার বিষয় হল, তাতে মেশানো হয় নানারকম রাসায়নিক।তাই আপনি যদি একান্তই কোনও রাসায়নিক মিশ্রিত উপাদান ত্বকে ব্যবহার না করতে চান, তাহলে ভরসা করতে হবে ঘরোয়া ফেস সিরামের উপরই।

ত্বকের জেল্লা বাড়িয়ে দেয় কমলালেবুর রস।তাই কমলালেবুর নির্যাস থেকে তৈরি সিরামও ত্বকের জন্য বেশ কার্যকরী।আপনি বাড়িতেই এই সিরাম বানিয়ে নিতে পারেন।

একটি গোটা কমলালেবুর খোসা ছাড়িয়ে কুচিয়ে রাখুন।একটি পাত্রে খোসাগুলোকে গোলাপ জল দিয়ে সারারাত ভিজিয়ে রাখুন।
পরেরদিন সকালে মিক্সারে ভিজিয়ে রাখা কমলালেবুর খোসাগুলো দিন।উপরে এক চামচ নারকেল তেল ও অ্যালোভেরা জেল মিশিয়ে দিন।সঙ্গে দিতে হবে দু'টো ভিটামিন ই ক্যাপসুল।সমস্ত উপকরণগুলো একসঙ্গে ব্লেন্ড করে নিন।ছেঁকে নিয়ে এক চিমটে হলুদ মিশিয়ে সম্পূর্ণ মিশ্রনটি একটি স্প্রে বোতলে ভরে রাখুন।১৫দিন ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন।
সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ও রাতে ঘুমোতে যাওয়ার সময় মুখ ক্লিনজিং করার পরে এই সিরাম লাগালে উপকার পাবেন হাতেনাতে।
এক্ষেত্রে ড্রপারের সাহায্যে কয়েক ফোঁটা সিরাম আপনার মুখে লাগিয়ে নিন।তারপরে হাতের তালুর সাহায্যে ধীরে ধীরে ম্যাসাজ করুন।
ত্বকের জেল্লা ধরে রাখতে এবং স্কিনের উপরের স্তরে আর্দ্রতার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে এই ফেস সিরাম।ভিটামিন সি আপনার ত্বকের অন্দরে কোলাজেনের উৎপাদন বাড়াতে সাহায্য করবে, ফলে ত্বকের টানটান ভাব বজায় থাকে।এর অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান ত্বকের নানা সমস্যা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা নেবে।