আজকাল ওয়েবডেস্কঃ কিডনিকে ভাল রাখতে চাইলে জলের বিকল্প আর কিছু নেই। শরীরে জলের ঘাটতি তৈরি হলে কিডনির উপর চাপ পড়ে। প্রতিদিন পুরুষদের ১০-১৩ গ্লাস এবং মহিলাদের ৮-১০ গ্লাস জল পান করতে হবে। এর পাশাপাশি কিছু খাবার আছে যা আপনার কিডনির স্বাস্থ্যকে সবসময় ভাল রাখে।এইসব খাবারের পুষ্টিগুণ আপনার শরীরের সঙ্গে কিডনির কার্যক্ষমতাকেও শক্তিশালী করে। জেনে নিন সেইসব খাবারের তালিকা।
স্ট্রবেরি, ব্লুবেরি, র্যাশবেরির মতো ফল কিডনির জন্য উপকারী। বেরির মধ্যে অ্যান্টিঅক্সিড্যান্ট ও ভিটামিন সি রয়েছে। এটি শরীর থেকে সমস্ত দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে।
বাঁধাকপি কিডনির রোগীদের জন্য দারুণ উপকারী। এই সবজির মধ্যে ফাইবার, ভিটামিন সি, বি৬, ফোলেট, ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল রয়েছে। গরমে বাঁধাকপি না পাওয়া গেলেও শীতে এই খাবার খেতে পারেন।
প্রতিদিন এক গ্লাস করে পাতিলেবুর জল কিংবা মুসাম্বি লেবুর রস পান করতে পারেন। লেবুর মধ্যে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড রয়েছে। এটি কিডনির স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। পাশাপাশি আপনি যে কোনও কিডনির সমস্যা এড়াতে পারবেন।
কুমড়োর বীজ খেতে পারেন নিশ্চিন্তে। কুমড়োর বীজের মধ্যে ফাইবার, ভিটামিন ই, জিঙ্ক, প্রোটিন, কপার এবং আয়রন রয়েছে। এতে কিডনির স্বাস্থ্য ভাল থাকে। এছাড়া এই খাবার উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
লাল বেলপেপারে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট। এগুলি আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কিডনির স্বাস্থ্য বজায় রাখে।
শরীরে ফাইবারের ঘাটতি দূর করতে পারে এমন একটি ফল হল আপেল। আপেল যেমন স্বাদের দিক থেকে উন্নত তেমনই আপেল আপনার শরীরের ফাইবারের ঘাটতি দূর করে কিডনিকে ভালো রাখতে সাহায্য করে।
কাঁচা পেঁয়াজ কিডনির স্বাস্থ্যের জন্য উপকারী। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কিডনির স্বাস্থ্য ভাল রাখে। তাছাড়া এতে পটাশিয়ামের মাত্রাও কম থাকে। তাই কাঁচা পেঁয়াজ খেলে কিডনির গণ্ডগোল সহজেই এড়ানো যায়।
















