আজকাল ওয়েবডেস্ক: শরীরে কখন যে কোন অসুখ জাঁকিয়ে বসবে, তা আগে থেকে বলা যায় না। বিশেষ করে আজকাল আধুনিক জীবনযাপনে কম বয়সেই শরীরে জটিল রোগ বাসা বাঁধছে। আবার অনেককেই সর্দি, কাশি থেকে ডায়েরিয়ার মতো বিভিন্ন রোগে ঘন ঘন অসুস্থ হতে দেখা যায়। মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ার কারণেই সহজে হানা দেয় রোগভোগ। আর এই ইমিউনিটি কম হওয়ার মূলে থাকতে পারে আপনার কয়েকটি অভ্যাস। বিশেষজ্ঞদের মতে, সুস্থতার জন্য সেই সব অভ্যাস ত্যাগ করা জরুরি।
১. ইদানীং অনেকেই নিয়মিত বাজার চলতি প্রসেসড খাবার খান। যার ফলে শরীরের হাল বিগড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। আসলে প্রক্রিয়াজাত খাবারে উপস্থিত ক্ষতিকর ফ্যাট শরীরে প্রদাহ বাড়াতে পারে। শরীর ঠিক রাখতে হলে যে কোনও ধরনের প্যাকেটজাত খাবার এড়িয়ে চলুন।
২. সুস্থতার জন্য নিয়মিত খেতে হবে শাক- সবজি। রঙিন শাক-সবজি খেলে দেহে ভিটামিন ও খনিজের ঘাটতি মিটবে। সেই সঙ্গে শরীর পাবে অত্যন্ত উপকারী কিছু অ্যান্টিঅক্সিড্যান্ট। ফলে ঘন ঘন অসুস্থ হওয়ার আশঙ্কা থাকবে না।
৩. ব্যস্ততার জীবনে অনেকেরই ঘণ্টার পর এক জায়গায় বসে কাজ করতে হয়। ফলে দৈহিক পরিশ্রম করার অনীহা তৈরি হয়৷ কিন্তু সার্বিক সুস্থতার জন্য নিয়মিত শরীরচর্চা করা অত্যন্ত জরুরি৷ বিশেষজ্ঞদের মতে, দিনে মোটামুটি ৩০ মিনিট ব্যায়াম করলে বা হাঁটলেই উপকার পাবেন।
৪. ধূমপান ও মদ্যপান করলে তার নেতিবাচক প্রভাব পড়ে শরীরের উপর। ধীরে ধীরে কমতে থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা। ক্যানসারের মতো মারণ রোগের ঝুঁকিও বাড়ে৷ তাই সুস্থ থাকতে নেশা থেকে দূরে থাকুন৷
৫. আপনার কি ঠিক ঠাক ঘুম হয় না? রাত জেগে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খেতে থাকেন? তাহলে যে সাবধান হতে হবে। কারণ সুস্থ থাকতে ঘুমের কোনও বিকল্প নেই৷ নিয়মিত অন্তত ৭ ঘণ্টার পর্যাপ্ত ঘুম জরুরি।
















