বাড়তি ওজন নানা জটিল রোগকে ডেকে আনে। তাই শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, সার্বিক সুস্থতার জন্যও ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি। মেদ ঝরাতে সঠিক খাবার খাওয়া প্রয়োজন। অনেকেই জানেন না রোজকার চেনা খাবার অজান্তে ওজন বাড়িয়ে দিতে পারে। সেক্ষেত্রে ডায়েট থেকে একটি খাবার একেবারে বাদ দেওয়া উচিত, এমনটাই মনে করেন অভিনেত্রী তামান্না ভাটিয়ার ফিটনেস ট্রেনার সিদ্ধার্থ সিং। তিনি জানিয়েছেন, ওজন কমানোর পথে সবচেয়ে ক্ষতিকর খাবার হল ফ্রেঞ্চ ফ্রাই। যা নিয়মিত খেলে শরীরের বাড়তি মেদ ঝরানো মুশকিল।
এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ বলেন, "ফ্রেঞ্চ ফ্রাই আসলে 'তেলের স্পঞ্জ'। আলুকে ডুবো তেলে ভাজার সময় তা প্রচুর পরিমাণে তেল শুষে নেয়। ফলে অল্প পরিমাণ খেলেও শরীরে অনেক বেশি ক্যালরি ঢুকে যায়। যারা ওজন কমাতে চান, তাদের জন্য এটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।"
তিনি আরও জানান, ফ্রেঞ্চ ফ্রাই এমন একটি খাবার যা খাওয়া শুরু করলে থামা কঠিন। এতে লবণ, ফ্যাট ও কার্বোহাইড্রেটের এমন মিশ্রণ থাকে যা মস্তিষ্ককে আরও খেতে উৎসাহ দেয়। ফলে পেট ভরে গেলেও অনেক সময় মানুষ বেশি খেয়ে ফেলেন। এই ধরনের খাবারকে তিনি 'হাইপার-প্যালেটেবল' বলে উল্লেখ করেছেন।
বিশেষজ্ঞদের মতে, ফ্রেঞ্চ ফ্রাই রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায়। এরপর হঠাৎ করে তা কমে যায়। এতে অল্প সময়ের মধ্যেই আবার খিদে পায়। ফলে বারবার খাওয়ার প্রবণতা তৈরি হয়। এই চক্র চলতে থাকলে ওজন কমানো কঠিন হয়ে পড়ে।
অনেক পুষ্টিবিদ ৮০/২০ নিয়ম মেনে চলার পরামর্শ দেন। অর্থাৎ ৮০ শতাংশ সময় স্বাস্থ্যকর খাবার এবং ২০ শতাংশ সময় পছন্দের খাবার। তবে সিদ্ধার্থ সিং-এর মত, যাদের ওজন কমাতে সমস্যা হচ্ছে, তাদের অন্তত কিছুদিনের জন্য ফ্রেঞ্চ ফ্রাই সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত। ডিপ ফ্রাইয়ের বদলে সেদ্ধ, গ্রিল বা এয়ার-ফ্রাই করা খাবার বেছে নিতে পরামর্শ নেন তিনি। পাশাপাশি প্রোটিনসমৃদ্ধ খাবার, শাকসবজি ও আঁশযুক্ত খাবার বেশি খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং অপ্রয়োজনীয় খাওয়ার ইচ্ছে কমে।
ফিটনেস বিশেষজ্ঞদের মতে, ওজন কমানো শুধু ব্যায়ামের ওপর নির্ভর করে না। সঠিক খাদ্যাভ্যাসই আসল চাবিকাঠি। তাই ফিট থাকতে চাইলে প্রিয় তেলেভাজা খাবারের প্রতি নিয়ন্ত্রণ আনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
