বাঙালির প্রিয় মিষ্টি দই খেতে ভালবাসেন প্রায় সকলেই। কিন্তু সাধারণ মিষ্টি দইয়ে চিনি বেশি থাকায় অনেকেই তা এড়িয়ে চলেন। বিশেষ করে যারা ওজন কমাতে চাইলে কিংবা বা ডায়াবেটিসের চোখরাঙানিতে মিষ্টি দইয়ের সঙ্গে আপস করতে হয়। তবে একটি সহজ উপায় সামনে এসেছে, যেখানে চিনি ছাড়া ঘরেই বানানো যাবে মিষ্টি দই, তাও আবার স্বাস্থ্যকরভাবে।
মিষ্টি দইয়ের একটি বিশেষ রেসিপি সমাজ মাধ্যমে এখন বেশ জনপ্রিয়। এই দইয়ের প্রতিটি সার্ভিংয়ে প্রায় ১১০ ক্যালোরি থাকে এবং প্রায় ৭ গ্রাম প্রোটিন পাওয়া যায়। ফলে এটি শুধু সুস্বাদুই নয়, শরীরের জন্যও উপকারী।
এই রেসিপির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এতে একেবারেই চিনি ব্যবহার করা হয় না। তার বদলে ব্যবহার করা হয় অ্যালুলোজ নামের একটি প্রাকৃতিক মিষ্টি উপাদান। এটি সাধারণ চিনির মতো মিষ্টি স্বাদ দেয়, কিন্তু ক্যালোরি খুব কম এবং রক্তে সুগার বাড়ায় না।
উপকরণ:১ লিটার টোনড দুধ, ৮০ গ্রাম অ্যালুলোজ, এক চিমটে এলাচ গুঁড়ো, ১৫০ গ্রাম গ্রিক ইয়োগার্ট (মেশানোর জন্য), ৫০ গ্রাম গ্রিক ইয়োগার্ট (দই বসানোর জন্য)
প্রথমে একটি প্যানে অ্যালুলোজ গরম করে হালকা বাদামি রঙের ক্যারামেল তৈরি করুন। এরপর ধীরে ধীরে দুধ ঢেলে ভাল করে মিশিয়ে নিন। দুধ মাঝারি আঁচে ফুটিয়ে অর্ধেক পরিমাণে নামিয়ে আনুন। এতে দইয়ের স্বাদ আরও ঘন ও ভাল হবে।
এরপর এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন। দুধ একটু ঠান্ডা হলে তাতে গ্রিক ইয়োগার্ট মিশিয়ে দিন। তারপর একটি পাত্রে ঢেলে ঢেকে রাখুন। কয়েক ঘণ্টা পর দেখবেন দই জমে গিয়েছে।
তবে মনে রাখতে হবে, এই দই সাধারণ মিষ্টি দইয়ের মতো একেবারে শক্ত হবে না। কারণ এতে চিনি নেই, তাই এর টেক্সচার একটু নরম ও ক্রিমি হয়।
এই দই কম ক্যালোরির, প্রোটিনে ভরপুর এবং সুগার-ফ্রি। তাই যারা ওজন কমাতে চান, ফিট থাকতে চান আবার মিষ্টি খেতেও ভালবাসেন তাদের জন্য দারুণ একটি বিকল্প।
স্বাদ ও স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রাখতে চাইলে এই চিনি ছাড়া মিষ্টি দই একবার অবশ্যই ট্রাই করতে পারেন।















