ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, একথা সকলেরই জানা। এটি ফুসফুস, হৃদযন্ত্র এবং রক্তনালির ক্ষতি করে। কিন্তু জানেন কি ধূমপান চোখের ওপরও মারাত্মক প্রভাব ফেলতে পারে। চিকিৎসকদের মতে, দীর্ঘদিন ধূমপান করলে চোখে রক্ত ও অক্সিজেনের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হয়। ফলে দৃষ্টিশক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে এবং কিছু ক্ষেত্রে স্থায়ী ক্ষতিও হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ধূমপান করলে বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন, ছানি, ড্রাই আই সিনড্রোম এবং অপটিক নার্ভের ক্ষতির ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই চোখে কোনও অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে তা গুরুত্ব দিয়ে দেখা উচিত।

বারবার ঝাপসা দেখাঃ যদি হঠাৎ করে বা ধীরে ধীরে সবকিছু ঝাপসা দেখতে শুরু করেন, তাহলে বিষয়টি অবহেলা করবেন না। এটি রেটিনা বা চোখের গুরুত্বপূর্ণ অংশ ম্যাকুলার ক্ষতির লক্ষণ হতে পারে। ধূমপানের কারণে এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

চোখ শুকিয়ে যাওয়া ও জ্বালাপোড়া: অনেক ধূমপায়ী চোখে শুষ্কতা, চুলকানি বা জ্বালাপোড়ার অভিযোগ করেন। সিগারেটের ধোঁয়া চোখের স্বাভাবিক আর্দ্রতা কমিয়ে দেয়। ফলে চোখে অস্বস্তি, লালভাব এবং জ্বালাপোড়া দেখা দিতে পারে।

রং ঠিকমতো দেখতে না পারাঃ আগের মতো উজ্জ্বল বা স্পষ্টভাবে রং চিনতে না পারা চোখের স্নায়ুর সমস্যার ইঙ্গিত হতে পারে। ধূমপান অপটিক নার্ভের ক্ষতি করতে পারে, যা রং বোঝার ক্ষমতাকে প্রভাবিত করে।

আলোতে বেশি সমস্যা হওয়াঃ অনেক সময় ধূমপায়ীরা উজ্জ্বল আলো বা রোদের দিকে তাকাতে অসুবিধা অনুভব করেন। চোখে অতিরিক্ত আলো লাগলে ব্যথা বা অস্বস্তি হলে তা ছানি বা অন্য কোনও চোখের রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে।

চোখের সামনে কালো দাগ বা ছায়া ভাসাঃ চোখের সামনে ছোট ছোট কালো বিন্দু, সুতো বা ছায়ার মতো কিছু ভাসতে দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এটি রেটিনার সমস্যার ইঙ্গিত হতে পারে।

চারপাশের জিনিস দেখতে অসুবিধাঃ যদি মনে হয় চোখের পাশের দিকের জিনিসগুলো ঠিকমতো দেখতে পাচ্ছেন না, তাহলে তা দৃষ্টিক্ষেত্র সংকুচিত হওয়ার লক্ষণ হতে পারে। এটি গুরুতর চক্ষুরোগের কারণে হতে পারে এবং দ্রুত চিকিৎসা প্রয়োজন।

কেন ধূমপান চোখের ক্ষতি করে? সিগারেটে থাকা নিকোটিন ও অন্যান্য বিষাক্ত রাসায়নিক রক্তনালিকে সংকুচিত করে দেয়। ফলে চোখে প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি কম পৌঁছায়। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে চোখের কোষ ও স্নায়ুর ক্ষতি হতে পারে। এছাড়া ধূমপানের ফলে শরীরে ক্ষতিকর ফ্রি-র্যাডিক্যাল তৈরি হয়, যা চোখের বার্ধক্যজনিত রোগের ঝুঁকি বাড়ায়।

কী করলে ঝুঁকি কমবে? চিকিৎসকদের মতে, ধূমপান ছেড়ে দেওয়াই চোখকে সুরক্ষিত রাখার সবচেয়ে ভাল উপায়। পাশাপাশি নিয়মিত চোখ পরীক্ষা করানো, সবুজ শাকসবজি ও ফল খাওয়া, পর্যাপ্ত জল পান করা এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করাও জরুরি।

চোখে ঝাপসা দেখা, শুষ্কতা, আলোতে অস্বস্তি বা অন্য কোনও অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে দেরি না করে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন। দ্রুত চিকিৎসা শুরু করলে অনেক ক্ষেত্রে দৃষ্টিশক্তির বড় ক্ষতি এড়ানো সম্ভব।