ডিজিটাল যুগে উপার্জনের নতুন নতুন উপায় সামনে আসছে। তার মধ্যে অন্যতম হল 'ফিট ফটো' বা পায়ের ছবি বিক্রি করা। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এই ট্রেন্ড দ্রুত জনপ্রিয় হচ্ছে। অনেকেই বাড়িতে বসে কিংবা কোথাও বেড়াতে গিয়ে শুধু পায়ের ছবি তুলে টাকা রোজগার করছেন। কিন্তু প্রশ্ন উঠছে, ভারতে এই কাজ কতটা বৈধ?
আইন বিশেষজ্ঞদের মতে, নিজে থেকে পায়ের সাধারণ ছবি বিক্রি করা বেআইনি নয়। যদি ছবিগুলো একেবারে স্বাভাবিক হয় এবং তাতে কোনও ধরনের অশ্লীলতা বা যৌন ইঙ্গিত না থাকে, তাহলে সেগুলো বিক্রি করা আইনত সমস্যা তৈরি করে না।
তবে এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। প্রথমত, কোনও ছবিতে যদি অশ্লীলতা থাকে বা সেটি যৌন উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাহলে তা আইনের চোখে অপরাধ। ভারতে অশ্লীল কনটেন্ট তৈরি বা ছড়ানোর বিরুদ্ধে কঠোর আইন রয়েছে এবং এই ধরনের কাজের জন্য জেল ও জরিমানার শাস্তি হতে পারে।
দ্বিতীয়ত, নাবালক না নাবালিকাদের অর্থাৎ ১৮ বছরের নিচে এক্ষেত্রে জড়িত থাকা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধরনের কোনও কাজে যদি তারা যুক্ত থাকে, তাহলে তা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয় এবং কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে।
তৃতীয়ত, অন্য কারও ছবি ব্যবহার করার আগে তার অনুমতি নেওয়া বাধ্যতামূলক। অনুমতি ছাড়া কারও ছবি বিক্রি বা শেয়ার করলে তা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের আওতায় পড়তে পারে।
এছাড়া এই ধরনের কাজ থেকে আয় হলে তা আয়কর আইনের আওতায় পড়ে। অর্থাৎ নিয়ম অনুযায়ী ট্যাক্স দেওয়াও প্রয়োজন।
সবদিক বিবেচনা করে বলা যায়, পায়ের ছবি বিক্রি করে আয় করা ভারতে পুরোপুরি নিষিদ্ধ নয়, তবে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। অশ্লীলতা এড়িয়ে আইন মেনে এবং ব্যক্তিগত নিরাপত্তা বজায় রেখে এই কাজ করা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, এই ট্রেন্ডে যুক্ত হওয়ার আগে আইনি দিক ও নিজের সুরক্ষার বিষয়টি ভালভাবে বুঝে নেওয়াই সবচেয়ে জরুরি।















