এক ভারতীয় চাকরিপ্রার্থীকে শুধুমাত্র তাঁর পুরনো অফিস নতুন সংস্থার অফিস থেকে মাত্র ৬০০ মিটার দূরে ছিল বলেই নাকি চাকরি দেওয়া হয়নি! ঘটনাটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ওই প্রার্থী একটি সংস্থার স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে দেখা যায় সংস্থার তরফে তাঁকে একটি রিজেকশন মেল পাঠানো হয়েছে। মেলে লেখা ছিল, প্রার্থীর অভিজ্ঞতা ও প্রোফাইল সংস্থার পছন্দ হলেও “confidentiality and data security policy”-র কারণে তাঁকে নিয়োগ করা সম্ভব নয়।
কারণ, তাঁর আগের অফিসটি নতুন সংস্থার অফিসের খুব কাছাকাছি, প্রায় ৬০০ মিটার দূরে অবস্থিত। তাই গোপনীয়তা এবং তথ্যসুরক্ষার বিষয়টি মাথায় রেখে তাকে বাদ দেওয়া হয়েছে৷
এই পোস্টটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ বলছেন, এটি কর্পোরেট দুনিয়ার “অতিরিক্ত নিরাপত্তাবোধ”, আবার কেউ মনে করছেন সংস্থাটি হয়তো তথ্য ফাঁস বা ক্লায়েন্ট শেয়ারিং নিয়ে আতঙ্কিত। অনেকেই মজা করে লিখেছেন, “এবার বুঝি চাকরির আগে Google Maps-এ দূরত্ব মাপা হবে!” কেউ আবার বলছেন, অন্তত সংস্থাটি সৎভাবে আসল কারণ জানিয়েছে, সাধারণত যেমন “we moved forward with another candidate” বলে দায় এড়িয়ে যাওয়া হয়, তেমনটা করেনি।
বর্তমানে কর্পোরেট জগতে ডেটা সিকিউরিটি ও গোপনীয়তা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে প্রতিযোগী সংস্থার কর্মীদের নিয়োগের ক্ষেত্রে অনেক কোম্পানি বাড়তি সতর্কতা নেয়। তবে শুধুমাত্র অফিসের দূরত্বের কারণে কাউকে বাতিল করা কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।















