চিকিৎসাবিজ্ঞানের দুনিয়ায় ফের এক বিস্ময়কর সাফল্য। চিকিৎসকদের একটি দল অত্যাধুনিক রোবট-অ্যাসিস্টেড সার্জারির মাধ্যমে ২১ বছর বয়সী এক বিশেষ ক্ষমতাসম্পন্ন তরুণীকে নতুন জীবন দিলেন৷ এক বিরল প্রজনন ত্রুটি থেকে মুক্তি পেলেন তরুণী৷
'ভ্যাজাইনাল অ্যাজেনেসিস' (Vaginal Agenesis) নামক এই জন্মগত ত্রুটিতে আক্রান্ত ছিলেন তরুণী৷ তাঁর শরীরে ঋতুস্রাবের জন্য স্বাভাবিক যোনিপথ ছিল না। রোবোটিক সার্জারির মাধ্যমে তাঁকে সুস্থ জীবন দিতে পেরেছেন চিকিৎসকেরা৷
চিকিৎসকদের মতে, প্রতি ৫ হাজার থেকে ৭ হাজার কিশোরীর মধ্যে একজনের 'ভ্যাজাইনাল অ্যাজেনেসিস' দেখা যায়। এই রোগে আক্রান্তরা স্বাভাবিক যোনিপথ ছাড়াই জন্মগ্রহণ করে। তবে এই তরুণীর ক্ষেত্রে তাঁর অঙ্গের কিছু বিকৃতিও ছিল। যদিও এই দুটি রোগের মধ্যে সরাসরি কোনও সম্পর্ক নেই।
গত দুই বছর ধরে প্রচণ্ড তলপেট ও পেলভিক ব্যথায় ভুগছিলেন ওই তরুণী। প্রতি মাসে ঋতুস্রাবের রক্ত জরায়ুতে জমে গিয়ে তাঁর যন্ত্রণার মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিত। নিজের শহরের বেশ কয়েকটি হাসপাতালে ঘুরেও সঠিক চিকিৎসা পাননি তিনি। বেশিরভাগ চিকিৎসকই তাঁকে জরায়ু কেটে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন, যা মেনে নিলে ভবিষ্যতে তাঁর মা হওয়ার সম্ভাবনা চিরতরে শেষ হয়ে যেত।
সব আশা ছেড়ে দেওয়ার পর তরুণীর পরিবার শেষবারের মতো এক বিশেষজ্ঞ দলের দ্বারস্থ হন। সেখানে পেলভিসের এমআরআই (MRI) করে জানা যায়, স্বাভাবিক কোনও পথ না থাকায় ঋতুস্রাবের রক্ত জরায়ুতেই জমছে।
চিকিৎসকদের মতে, "এটি একটি অত্যন্ত জটিল সার্জারি৷ সঠিক সময়ে চিকিৎসা না হলে ক্রনিক পেলভিক পেইন, বারবার সংক্রমণ এবং এন্ডোমেট্রিওসিসের মতো মারাত্মক সমস্যা দেখা দিতে পারত। এমনকি তাঁর জরায়ু ও ডিম্বাশয়ের ক্ষতি হতে পারত, যা তাঁর প্রজনন ক্ষমতা নষ্ট করে দিত।"
এই কঠিন অস্ত্রোপচারে রোবোটিক-অ্যাসিস্টেড ন্যূনতম ইনভেসিভ পদ্ধতি (Minimally Invasive Surgery) চিকিৎসকদের সাহায্য করেছে। নিখুঁতভাবে কাটাছেঁড়া, রক্তপাত কমানো এবং সংক্রমণের ঝুঁকি কমিয়ে অত্যন্ত সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। তিন দিনের মধ্যে সুস্থ হয়ে তরুণী বাড়ি ফিরেছেন। কিছুদিন চিকিৎসকদের পরামর্শ মতো চলতে হবে৷ স্বাভাবিক ঋতুস্রাব প্রক্রিয়া এবং গর্ভধারণের ক্ষমতা ফিরে পেলেন তরুণী।















