ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি(Giorgia Meloni) এর সঙ্গে এবার যেন আরও জমে উঠল ‘মেলোডি’ মুহূর্ত! মঙ্গলবার ইতালিতে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রোম সফরে গিয়ে ইতালির প্রধানমন্ত্রীকে ভারতের জনপ্রিয় 'মেলোডি' (Melody) টফি উপহার দিলেন নরেন্দ্র মোদী।
ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হ্যাশট্যাগ মেলোডি জুটি৷ মেলোনি নিজেই এক্স হ্যান্ডলে এই মিষ্টি মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন৷
ভিডিওতে দেখা যায়, হাসিমুখে মেলোনির হাতে মেলোডি টফির প্যাকেট তুলে দিচ্ছেন মোদী। মেলোনিও মজার ছলে বলেন, ভেরি ভেরি গুড টফি৷ অর্থাৎ খুব খুব ভাল চকলেট৷ এমন সুন্দর উপহারের জন্য মেলোনি ধন্যবাদ জানিয়েছেন মোদীকে৷
মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। অনেকেই বলছেন, কূটনীতির পাশাপাশি দুই দেশের দুই শীর্ষনেতার বন্ধুত্ব সত্যিই গুরুত্বপূর্ণ। এই বন্ধুত্বের মিষ্টি মুহূর্ত মন জিতে নিয়েছে সকলের৷
মেলোডি শব্দটি এসেছে মোদী এবং মেলোনি— এই দুই পদবির মিশ্রণ থেকে। ২০২৩ সালের G20 ও COP28 সম্মেলনের সময় থেকেই নরেন্দ্র মোদী এবং জর্জিয়া মেলোনিকে নিয়ে মিম, পোস্ট আর নানা মজার কনটেন্ট ভাইরাল হতে শুরু করে।
এবার সেই ট্রেন্ডকেই যেন আরও একধাপ এগিয়ে দিল এই মেলোডি উপহার।
শুধু নেটিজেনরাই নন, বিভিন্ন ব্র্যান্ডও এই মুহূর্তকে ঘিরে মজার পোস্ট করতে শুরু করেছে। এমনকি শেয়ার বাজারেও এর প্রভাব পড়েছে বলে খবর।
মেলোডি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এত আলোচনা চলছে এর পার্লে ইন্ড্রাস্ট্রিজ-এর শেয়ার নিয়েও চর্চা শুরু হয়।
এই ভিডিও প্রমাণ করে দিল, আন্তর্জাতিক কূটনীতির মঞ্চেও কখনও কখনও ছোট্ট এক প্যাকেট টফিই তৈরি করতে পারে সবচেয়ে আলোচিত মুহূর্ত।















