বর্ষা এলেই অনেকের বাড়িতে একটি সাধারণ সমস্যা দেখা দেয়, ওয়াইফাই-এর গতি হঠাৎ কমে যায়। ভিডিও দেখা যায় না, অনলাইন মিটিং বারবার আটকে যায়, গেম খেলতে সমস্যা হয়, এমনকী সাধারণ ওয়েবসাইট খুলতেও সময় লাগে। শুধু বৃষ্টির জন্যই কিন্তু এমনটা হয় না।
অতিরিক্ত আর্দ্রতা, খারাপ আবহাওয়া, নেটওয়ার্কে বেশি চাপ এবং রাউটারের অবস্থানের মতো একাধিক কারণ মিলেই বর্ষাকালে ইন্টারনেটের গতি কমে যেতে পারে। তবে চিন্তার কিছু নেই। কয়েকটি সহজ উপায় মেনে চললেই অনেক ক্ষেত্রে এই সমস্যার সমাধান করা সম্ভব।
১. প্রথমেই রাউটার রিস্টার্ট করুনঃ রাউটার দিনের পর দিন একটানা চালু থাকলে তার কর্মক্ষমতা কিছুটা কমে যেতে পারে। তাই সপ্তাহে অন্তত এক বা দু'বার রাউটার বন্ধ করে ৩০ থেকে ৬০ সেকেন্ড অপেক্ষা করুন। তারপর আবার চালু করুন। এতে রাউটারের অস্থায়ী ত্রুটি দূর হয় এবং ইন্টারনেট সংযোগ আগের তুলনায় ভালো হতে পারে।
২. রাউটার কোথায় রাখা হচ্ছে, সেটাও গুরুত্বপূর্ণঃ অনেকেই রাউটার ঘরের এক কোণে, মেঝেতে বা টিভির পিছনে রেখে দেন। এতে ওয়াইফাই সিগন্যাল ঠিকমতো ছড়াতে পারে না। রাউটার সবসময় ঘরের মাঝামাঝি এবং একটু উঁচু জায়গায় রাখুন। মোটা দেওয়াল, লোহার আলমারি, ফ্রিজ বা মাইক্রোওয়েভ ওভেনের খুব কাছে রাখবেন না। এগুলি সিগন্যাল দুর্বল করে দিতে পারে।
৩. একসঙ্গে বেশি ডিভাইস ব্যবহার করবেন নাঃ একটি ওয়াইফাই-তে যদি একই সময়ে অনেক মোবাইল, ল্যাপটপ, স্মার্ট টিভি বা অন্যান্য ডিভাইস যুক্ত থাকে, তাহলে ইন্টারনেটের গতি কমে যেতে পারে। তাই যেসব ডিভাইস ব্যবহার করছেন না, সেগুলির ওয়াইফাই বন্ধ রাখুন। এতে সক্রিয় ডিভাইসগুলিতে ভালো স্পিড পাওয়া যাবে।
৪. রাউটারের সফটওয়্যার আপডেট রাখুনঃ অনেকেই রাউটার কিনে বছরের পর বছর ব্যবহার করেন, কিন্তু কখনও ফার্মওয়্যার আপডেট করেন না। অথচ নতুন আপডেটে অনেক প্রযুক্তিগত সমস্যা ঠিক করা হয় এবং রাউটারের কর্মক্ষমতাও বাড়ে। তাই সময়ে সময়ে রাউটারের সেটিংসে গিয়ে আপডেট আছে কিনা দেখে নিন।
৫. ইন্টারনেট স্পিড পরীক্ষা করুনঃ ওয়াইফাই ধীর মনে হলে প্রথমে একটি স্পিড টেস্ট করুন। যদি দেখেন, গতি আপনার প্ল্যানের তুলনায় অনেক কম, তাহলে সমস্যা ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থারও হতে পারে। সেক্ষেত্রে তাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে অভিযোগ জানান।
৬. প্রয়োজনে ওয়াইফাই এক্সটেন্ডার ব্যবহার করুনঃ বড় বাড়ি বা একাধিক তলা থাকলে রাউটারের সিগন্যাল সব জায়গায় পৌঁছয় না। এমন পরিস্থিতিতে ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার বা মেশ ওয়াইফাই সিস্টেম ব্যবহার করলে পুরো বাড়িতেই ভালো সিগন্যাল পাওয়া যায়।
৭. বর্ষায় রাউটারকে নিরাপদ রাখুনঃ বর্ষাকালে অতিরিক্ত আর্দ্রতা ইলেকট্রনিক যন্ত্রের উপর প্রভাব ফেলতে পারে। তাই রাউটার এমন জায়গায় রাখুন, যেখানে জল ঢোকার বা ভিজে যাওয়ার সম্ভাবনা নেই। বজ্রপাতের সময় বিদ্যুৎ ওঠানামা করলে সার্জ প্রোটেক্টর ব্যবহার করাও ভালো।
















