প্রায় ২.৯ লক্ষ টাকার একটি হাই-এন্ড গ্রাফিক্স কার্ড অনলাইনে অর্ডার করেছিলেন এক যুবক৷ অর্ডার ডেলিভারি হওয়ার পর খুলে দেখলেন ১ কেজির ডিটারজেন্টের প্যাকেট।
ক্রেতা সোশাল মিডিয়ায় জানান, ডেলিভারি পাওয়ার পর তিনি দেখেন প্যাকেটের সিল কাটা৷ সেটাই আবার টেপ দিয়ে লাগানো হয়েছে এবং প্যাকেজিংয়ের ওপর একটি ভুয়ো বারকোড বসানো হয়েছে। বিপণন সংস্থার হেল্পলাইনে মাত্র ১৫ মিনিটের মধ্যে সাপোর্ট টিকিট বন্ধ করে দেওয়া হয়েছে এবং রিফান্ড করতেও অস্বীকার করছে বিপণন সংস্থা, এমনটাই অভিযোগ৷
এক্স হ্যান্ডলে তরুণ কী অর্ডার করেছিলেন তার বিস্তারিত বিবরণ দিয়েছেন। এবং কোন কোম্পানির কাপড় কাচার সাবানগুঁড়ো তিনি পেয়েছেন সেটাও জানিয়েছেন৷ আনবক্সিং ভিডিও শেয়ার করে ওই ব্যবহারকারী বলেন, শিপিং লেবেলে প্যাকেজের ওজন ১.৫৬ কেজি লেখা ছিল, যেখানে তাঁর অর্ডার দেওয়া গ্রাগিক্স কার্ডের প্যাকেজের ওজন প্রায় ৩ কেজির কাছাকাছি হয়।
এই পোস্ট নেটিজেনদের নজরে আসতেই নানারকম প্রতিক্রিয়া দেখা গিয়েছে৷ অনেক ব্যবহারকারী অনলাইন শপিংয়ের খারাপ অভিজ্ঞতা শেয়ার করেন, আবার কেউ কেউ আনবক্সিং ভিডিওটি এডিট করা হতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন।
একজন ব্যবহারকারী লেখেন, "দুই বছর আগে নামী কোম্পানির জুতো অর্ডার করেছিলাম, কিন্তু পেয়েছিলেন কমদামী জুতো৷ টাকা ফেরতের জন্য আবেদন করলেও এখনও পাইনি।” অন্য একজন বলেন, “আমি তোমার ভিডিও দেখেছি, এটা বেশ এডিট করা মনে হচ্ছে। আমি আসল ভিডিও দেখতে চাই।”
















