রান্নার গ্যাস ফুরিয়ে যাওয়ায় গ্যাস সিলিন্ডার বুক করা হয়েছিল৷ কিন্তু দেখা গেল রান্নার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস নয়, বেরোচ্ছে জল! উত্তরপ্রদেশের মেরঠের ঘটনা৷ এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

অভিযোগ, আড়াই হাজার টাকা দিয়ে কেনা গ্যাস সিলিন্ডার খুলতেই গ্যাসের বদলে বেরিয়ে এল জল। ভাইরাল ভিডিও দেখে হতবাক নেটিজেনরা।
ঘটনাটি মেরঠের তারাপুরি এলাকার। ফাহিম নামে এক যুবক দাবি করেছেন, তাঁর বাড়ির রান্নার গ্যাস শেষ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে একজন ভ্রাম্যমাণ  বিক্রেতার কাছ থেকে অতিরিক্ত দাম দিয়ে গ্যাস সিলিন্ডার নিয়েছিলেন৷ 

সাধারণত যে সিলিন্ডারের দাম ৯৫০ টাকার আশেপাশে, সেটির জন্য তাঁকে গুনতে হয় প্রায় ২৫০০ টাকা। কিন্তু বাড়িতে এনে সিলিন্ডার লাগানোর পর আগুন জ্বলেনি। এরপর পরীক্ষা করতে গিয়েই সামনে আসে চাঞ্চল্যকর ঘটনা।

ভিডিওতে দেখা যায়, সিলিন্ডারটি উল্টে দিতেই সিলিন্ডারের মুখ থেকে জল বেরোতে শুরু করে। ফাহিমের দাবি, সিলিন্ডারে খুব সামান্য গ্যাস ছিল, বাকিটা ভর্তি ছিল জল দিয়ে। 

এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন বহু নেটিজেন। কেউ লিখেছেন, “গরিব মানুষের কষ্টের টাকা নিয়ে এভাবে প্রতারণা করা অপরাধ।” আবার অনেকে অবৈধভাবে গ্যাস বিক্রির বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন।

ভিডিওটির সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন৷  তবুও ঘটনাটি রান্নার গ্যাসের সুরক্ষা এবং কালোবাজারি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে অনেকেই বেশি দামে অবৈধ উৎস থেকে গ্যাস কিনতে বাধ্য হন। আর সেই সুযোগ নিয়েই প্রতারণার অভিযোগ উঠছে। এই ঘটনায় অনেকেই বলছেন, অনুমোদিত ডিলার ছাড়া রান্নার গ্যাস সিলিন্ডার কেনা বিপজ্জনক, এই ঘটনাই তার উদাহরণ।