দিনের পর দিন বাড়ছে স্কুলের ফি৷ শিক্ষাক্ষেত্রে বাড়তে থাকা খরচ নিয়ে এর আগেও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে৷ সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল একটি পোস্ট৷ কিন্ডারগার্টেন স্কুলের মাসিক ফি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে৷ স্কুলের ফি তে টাকার অঙ্কের পরিমাণ দেখে শিক্ষাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে, উদ্বেগ ছড়িয়েছে৷
ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে কিন্ডারগার্টেনে ভর্তি হওয়ার জন্য এককালীন ৪৮ হাজার টাকা দিতে হবে৷ এর সঙ্গে ভর্তি হতে গেলে লাগবে ১৫০০০ টাকা যা ফেরত যোগ্য নয়৷ এর সঙ্গে কশান মানি হিসাবে আরও ৩৩ হাজার টাকা জমা দিতে হবে৷ যদিও এই ৩৩ হাজার টাকা পরবর্তীকালে ফেরত পাওয়া যাবে বলেই লেখা আছে৷
এইভাবে বিভিন্ন খাতে টাকা জমা দেওয়ার পরিমাণ যোগ করে কিন্ডারগার্টেন স্কুলে পড়ানোর জন্য বার্ষিক খরচ দাঁড়িয়েছে ২ লক্ষ ২৪ হাজার ৭১৮ টাকা৷ বলা হয়েছে লাইব্রেরি, জিম ইত্যাদি সব সুযোগ সুবিধা রয়েছে কিন্ডারগার্টেনে৷

যদিও খরচ এখানেই শেষ নয়, এর সঙ্গে অভিভাবকদের অতিরিক্ত খরচ করতে হবে স্কুল বাস, স্কুল ড্রেস, যাতায়াতের জন্য৷ ২ লক্ষ টাকার মধ্যে এসব খরচ ধরা নেই৷
ভাইরাল এই ছবিতে অভিভাবকেরা উদ্বেগ প্রকাশ করেছেন৷ শিক্ষার শুরুতেই যদি আর্থিক চাপ এতখানি থাকে তাহলে আগামী দিনে কীভাবে সন্তানের পড়াশোনা হবে সেই নিয়েও প্রচুর মানুষ প্রশ্ন তুলেছেন।
কেউ কেউ প্রশ্ন তুলেছেন, আকাশছোঁয়া খরচই কি শিক্ষাক্ষেত্রে নিউ নরম্যাল?
সরকারের পক্ষ থেকে কেন পদক্ষেপ করা হচ্ছে না সেই নিয়েও প্রশ্ন উঠেছে৷ পদক্ষেপ প্রয়োজন বলেও মন্তব্য করেছেন অনেকে৷
কেউ কেউ আবার বলেছেন, এটা স্কুলের সমস্যা নয়, বাবা মায়েরা সন্তানদের দামি স্কুল ছাড়া পড়াতে চায় না তাই এই অবস্থা হয়েছে৷
কেউ কেউ আবার বলছেন দামি স্কুলে বিশেষ কিছুই শেখানো হয় না৷ সরকারি স্কুলেও পড়াশোনা করা যায়৷ যেখানে প্রায় বিনামূল্যে পড়াশোনা করা যায়৷















