ডিজিটাল লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আধার সংক্রান্ত প্রতারণার ঘটনাও। আধার নম্বর এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল সিম, প্যান লিঙ্কিং, সরকারি প্রকল্পসহ একাধিক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। তাই নিজের আধার সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। এই কারণে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) আধার লক ও আনলক করার সুবিধা দিয়েছে।
ইউআইডিএআই জানিয়েছে, আধার লক করলে আপনার বায়োমেট্রিক তথ্য যেমন ফিঙ্গারপ্রিন্ট ও আইরিস অস্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। ফলে কেউ আপনার আধার নম্বর জেনে গেলেও তা দিয়ে বায়োমেট্রিক যাচাইকরণ করতে পারবে না। এতে পরিচয় চুরি বা আর্থিক প্রতারণার ঝুঁকি অনেকটাই কমে।
কীভাবে আধার লক করবেন? আধার লক করার প্রক্রিয়া খুবই সহজ। প্রথমে ইউআইডিএআই-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে বা অ্যাপ ব্যবহার করতে হবে। সেখানে 'লক/অনলক আধার' অপশন নির্বাচন করতে হবে। এরপর আধার নম্বর ও ক্যাপচা কোড দিয়ে রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা ওটিপি প্রবেশ করাতে হবে। যাচাইকরণ সম্পন্ন হলেই আধার লক হয়ে যাবে। প্রয়োজনে একইভাবে 'আনলক' অপশন বেছে নিয়ে সাময়িকভাবে আনলক করা যায়। কাজ শেষ হলে আবার লক করে রাখা নিরাপদ।
কারা বেশি সতর্ক থাকবেন? বিশেষজ্ঞদের মতে, যাঁরা নিয়মিত অনলাইন ব্যাঙ্কিং করেন, বিভিন্ন ওয়েবসাইটে আধার ব্যবহার করেন বা সম্প্রতি তথ্য ফাঁসের শিকার হয়েছেন, তাঁদের দ্রুত আধার লক করা উচিত। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও এই নিরাপত্তা ব্যবস্থা গুরুত্বপূর্ণ।
কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা মেনে চলুন
ওটিপি কখনও কারও সঙ্গে শেয়ার করবেন না।
অচেনা লিঙ্ক বা ওয়েবসাইটে আধার নম্বর দেবেন না।
রেজিস্টার্ড মোবাইল নম্বর সক্রিয় রাখুন।
নিয়মিত আধার অথেন্টিকেশন হিস্ট্রি চেক করুন।
ইউআইডিএআই জানিয়েছে, আধার লক করা সম্পূর্ণ বিনামূল্যে এবং কয়েক মিনিটের মধ্যেই করা যায়। ডিজিটাল প্রতারণা এড়াতে এটি একটি কার্যকর উপায়।
তাই সচেতন থাকুন, নিজের আধার সুরক্ষিত রাখুন। কারণ ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।
