ফল ও সবজি কেনার পর দু-তিন দিনের মধ্যেই নষ্ট হয়ে যেতে দেখা যায়। কখনও কলা কালো হয়ে যায়, কখনও শাকপাতা শুকিয়ে যায়, আবার টমেটো নরম হয়ে পচতে শুরু করে। এর প্রধান কারণ হল ভুলভাবে সংরক্ষণ করা।
শুধু ফ্রিজে রাখলেই ফল ও সবজি বেশি দিন ভাল থাকে না। কোন জিনিস কোথায় রাখতে হবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সব সবজি ফ্রিজে রাখা ঠিক নয়। যেমন পালং শাক, ধনেপাতা, লেটুস, ব্রকলি, গাজর, ফুলকপি, শসা-এসব ফ্রিজে রাখলে অনেক দিন টাটকা থাকে। তবে এগুলো সরাসরি ফ্রিজে না রেখে আগে হালকা শুকনো কাপড় বা টিস্যুতে মুড়ে রাখা ভাল। এতে অতিরিক্ত জল শোষিত হয় এবং সহজে পচে না।
অন্যদিকে টমেটো, আলু, পেঁয়াজ, রসুন, কলা, কাঁচা আম বা অ্যাভোকাডোর মতো জিনিস ফ্রিজে রাখলে উল্টো ক্ষতি হতে পারে। এগুলো ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখা ভাল। বিশেষ করে টমেটো ফ্রিজে রাখলে তার স্বাদ কমে যায় এবং নরম হয়ে যায়। আলু ও পেঁয়াজ শুকনো, অন্ধকার জায়গায় রাখাই সবচেয়ে ভালো।
ফল ও সবজি একসঙ্গে রাখাও সব সময় ঠিক নয়। আপেল, কলা, অ্যাভোকাডোর মতো কিছু ফল ইথিলিন গ্যাস ছাড়ে। এই গ্যাসের কারণে আশেপাশের ফল ও সবজি দ্রুত পেকে যায় এবং পরে দ্রুত পচেও যায়। তাই এই ফলগুলো আলাদা রাখা উচিত। বিশেষ করে শাকপাতা বা বেরিজাতীয় ফলের পাশে এগুলো রাখা উচিত নয়।
কাটা ফল বা সবজি খোলা অবস্থায় রাখলে খুব দ্রুত নষ্ট হয়। তাই কেটে রাখলে অবশ্যই এয়ারটাইট কৌটোতে রাখতে হবে। চাইলে ভেতরে একটি টিস্যু রাখতে পারেন, এতে অতিরিক্ত আর্দ্রতা শোষণ হয়ে যাবে। লেবু, কমলালেবুর মতো সাইট্রাস ফল ফ্রিজে রাখলে অনেক দিন ভাল থাকে।
ধনেপাতা, পুদিনা বা পার্সলের মতো হার্বস সংরক্ষণের জন্য একটি সহজ উপায় আছে। গ্লাসে অল্প জল নিয়ে ফুলের মতো দাঁড় করিয়ে রাখুন। ওপর থেকে হালকা প্লাস্টিক দিয়ে ঢেকে ফ্রিজে রাখলে এগুলো অনেক দিন সতেজ থাকে।
আরেকটি জরুরি বিষয় হল একটি পচা ফল বা সবজি কখনও অন্যগুলোর সঙ্গে রেখে দেবেন না। একটি নষ্ট আপেল বা টমেটো খুব দ্রুত আশেপাশের জিনিসও নষ্ট করে দিতে পারে। তাই নিয়মিত দেখে পচা জিনিস আলাদা করে ফেলতে হবে।
সঠিকভাবে ফল ও সবজি সংরক্ষণ করলে শুধু খাবারই টাটকা থাকে না, অযথা অপচয়ও কমে। এতে টাকা বাঁচে, সময়ও বাঁচে। ছোট ছোট এই অভ্যাসগুলো রান্নাঘরকে আরও গোছানো ও স্বাস্থ্যকর করে তুলতে পারে।















