ট্রেনে ভ্রমণের সময় অনেক সময়ই নানা সমস্যায় পড়েন যাত্রীরা। কোচে নোংরা, খাবারের মান খারাপ, জল না থাকা, সিট নিয়ে ঝামেলা বা কর্মীদের দুর্ব্যবহার-এমন অভিযোগ নতুন নয়। এবার এই সব সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। নতুন মোবাইল অ্যাপ রেলওয়ান-এর মাধ্যমে যাত্রীরা খুব সহজেই অনলাইনে অভিযোগ জানাতে পারবেন।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেলওয়ান অ্যাপটি একাধিক পরিষেবা এক জায়গায় এনে দিয়েছে। টিকিট বুকিং, লাইভ ট্রেন স্ট্যাটাস দেখা, খাবার অর্ডার করা থেকে শুরু করে অভিযোগ দায়ের-সবই করা যাবে এই একটি অ্যাপের মাধ্যমে। ফলে আলাদা আলাদা অ্যাপ ব্যবহার করার প্রয়োজন হবে না।

অভিযোগ জানাতে হলে প্রথমে মোবাইলে রেলওয়ান অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর মোবাইল নম্বর বা রেলওয়ের লগইন আইডি দিয়ে সাইন ইন করতে হবে। অ্যাপের ‘রেল মদত’ অপশনে গিয়ে সমস্যার ধরন বেছে নিয়ে বিস্তারিত লিখতে হবে। প্রয়োজনে ছবি বা ভিডিওও আপলোড করা যাবে। অভিযোগ জমা দিলে একটি রেফারেন্স নম্বর দেওয়া হবে, যার মাধ্যমে অভিযোগের বর্তমান অবস্থা ট্র্যাক করা যাবে।

রেল সূত্রে খবর, এই অ্যাপের মাধ্যমে অভিযোগ জানালে সরাসরি সংশ্লিষ্ট দফতরে পৌঁছে যায়। অনেক ক্ষেত্রে চলন্ত ট্রেনেই সমস্যার সমাধান করা সম্ভব হয়। এতে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা বা আলাদা করে লিখিত অভিযোগ জমা দেওয়ার প্রয়োজন পড়ে না। রেল কর্তৃপক্ষের মতে, এই ডিজিটাল উদ্যোগ যাত্রী পরিষেবা আরও দ্রুত ও স্বচ্ছ করতে সাহায্য করে। বিশেষ করে দীর্ঘ দূরত্বের যাত্রায় কোনও অসুবিধা হলে তা সঙ্গে সঙ্গে জানানো সম্ভব হবে।

বর্তমানে ট্রেনে ভ্রমণের সময় সমস্যা হলে এখন আর হেল্পলাইন খোঁজার ঝামেলা নেই। স্মার্টফোন থাকলেই কয়েকটি ধাপে সরাসরি অভিযোগ জানানো যাবে। ভারতীয় রেলের এই পদক্ষেপ যাত্রী স্বার্থে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।