আজকাল ওয়েব ডেস্ক: উৎসব হোক বা না হোক, উজ্জ্বল হতে কে না চায়। আলাদা ভাবে নজর কাড়ার ইচ্ছে হতেই পারে। কিন্তু ইচ্ছে হলেই তো আর হল না। ইচ্ছেপূরণ হবে কী করে? বিশেষত, কাজের চাপে যাঁরা পার্লারের কাছাকাছিও পৌঁছনোর সুযোগ পাননি, তাঁরা পিছিয়ে থাকবেন, তা তো হতে পারে না! যদি সন্ধ্যায় কোথাও বেরনোর থাকে, তবে দু’মিনিটে তৈরি করে ফেলুন সহজ টোনার। রূপচর্চা শিল্পীরা বলছেন, এক বেলাতেই জেল্লা আসবে। এবং কয়েকদিনের মধ্যে জেল্লা এতটাই বাড়বে যে আপনার চারপাশের সবাই খোঁজ নেওয়া শুরু করবে এই রূপ-রহস্যের। 


কী ভাবে বানাবেন এই টোনার?

এক চা-চামচ ভাল হলুদ গুঁড়োর সঙ্গে এক টেবিলচামচ মধু, পরিমাণ মতো গোলাপজল দিয়ে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর সেই মিশ্রণটিকে একটি স্প্রে বোতলে ভরে ফ্রিজে রাখুন। এক সপ্তাহের আগে বের করবেন না। 

 

ব্যবহার করবেন কীভাবে?

এরপর সমান ভাবে স্প্রে করুন মুখে ঘাড়ে-মুখে। ২০ মিনিটের বেশি রাখবেন না। ২০ মিনিট পরে জল দিয়ে মুখ ধুয়ে নিন। রোজ ব্যবহার করতে পারেন।  তবে হ্যাঁ, বেশি ক্ষণ ব্যবহার করবেন না। ২০ মিনিটই যথেষ্ট। বেশি সময় রাখলে মুখে হলদেটে ছাপ পড়তে পারে।

 

হলুদ কীভাবে কাজ করে?

হলুদের গুণের শেষ নেই। নিয়মিত হলুদ খাওয়াও শরীরের জন্য ভাল। হলুদের ফেসপ্যাক মুখে লাগালে প্রথমেই ত্বকে একটু ঠান্ডা অনুভূতি হবে। তা ছাড়া হলুদ ত্বকে লাগালে, ত্বকের রং উজ্জ্বল হয়, ব্রণ কমে, দাগ হালকা হয়। 

তবে যদি ত্বকে অস্বস্তি বা জ্বালা ভাবের ভয় পান, তবে আগে পরীক্ষা করে দেখে নিন। কব্জিতে সামান্য হলুদের প্যাক লাগিয়ে কিছু ক্ষণ রাখার পরেও যদি কোনও সমস্যা না হয়, তার পরে মুখে ব্যবহার করুন।