হাই ব্লাড প্রেশার বা বা উচ্চ রক্তচাপ আমাদের শরীরের জন্য একটি বড় ঝুঁকি। অনেক সময়েই রক্তচাপ বেড়ে গেলে শরীরে কোনও লক্ষণ দেখা যায় না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হার্ট, মস্তিষ্ক এবং কিডনির ক্ষতি করতে পারে। সঙ্গে স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। এব্যাপারে এক খ্যাতনামা কার্ডিওলজিস্ট ড. সঞ্জয় ভোজরাজ একটি সহজ এবং প্রাকৃতিক উপায় শেয়ার করেছেন, যা মাত্র ২ মিনিটেই রক্তচাপ কমাতে সাহায্য করে।
ড. ভোজরাজ জানিয়েছেন, এই উপায়টি কোনও ওষুধ নয়, বরং একটি শ্বাস-প্রশ্বাস কৌশল, যা স্ট্রেস কমাতে এবং শরীরকে শান্ত করতে সাহায্য করে। এই পদ্ধতিটি খুব সহজ। প্রথমে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন, প্রায় ৪ সেকেন্ড ধরে রাখুন। তারপর মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস বের করুন, প্রায় ৬–৮ সেকেন্ড ধরে। এই প্রক্রিয়াটি দুই মিনিটের মধ্যে কয়েক বার করুন।
এই পদ্ধতি শরীরের ভাগাল নার্ভকে সক্রিয় করে। এই নার্ভ স্নায়ুতন্ত্রকে শান্ত করে, ধমনীতে চাপ কমায় এবং রক্তচাপ স্বাভাবিক সীমায় চলে আসে। অনেকের ক্ষেত্রে, মাত্র কয়েক মিনিটের মধ্যে সিস্টোলিক রক্তচাপ উল্লেখযোগ্যভাবে কমে যায়।
ড. ভোজরাজ বলেন, “রক্তচাপ শুধু খাবার বা লবণের কারণে বাড়ে না। স্ট্রেসও রক্তচাপ বাড়ায়। এই ধীরে ধীরে শ্বাস নেওয়া ও ছাড়ার কৌশল শরীরকে শান্ত করে এবং রক্তচাপ স্বাভাবিক করতে সাহায্য করে।”
এই কৌশল শুধু অল্প সময়ের জন্য রক্তচাপ কমাতে সাহায্য করে। এটি ওষুধের বিকল্প নয়। যারা দীর্ঘমেয়াদি হাই ব্লাড প্রেসার বা অন্যান্য স্বাস্থ্য সমস্যায় ভোগেন, তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দৈনন্দিন জীবনধারায় ছোট পরিবর্তন আনা জরুরি। যেমন খাবারে লবণ কমানো, নিয়মিত হালকা ব্যায়াম বা হাঁটা, পর্যাপ্ত ঘুম এবং মানসিক শান্তি, ফল, সবজি ও পটাশিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া।
প্রতিদিন মাত্র দুই মিনিটের শ্বাস-প্রশ্বাস অনুশীলন উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। তবে দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ঠিক রাখতে পুরো জীবনধারার নিয়ম মেনে চলা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়।
