চুলে রং করা এখন খুবই সাধারণ বিষয়। বয়স ঢাকতে হোক বা ফ্যাশনের জন্য, অনেকেই নিয়মিত হেয়ার ডাই ব্যবহার করেন। কিন্তু এতে কি লিভারের ক্ষতি হয়? এমন ধারণা প্রচলিত রয়েছে৷ কিন্তু সত্যি কি তাই? অযথা ভয় না পেয়ে জানুন বিজ্ঞান কী বলছে।
বিশেষজ্ঞদের মতে, সাধারণভাবে হেয়ার ডাই ব্যবহার করলে তা সরাসরি লিভারের বড় ধরনের ক্ষতি কর, এমন কোনও নিশ্চিত প্রমাণ এখনও পাওয়া যায়নি। চুলের রঙে থাকা রাসায়নিকের খুব সামান্য অংশ ত্বকের মাধ্যমে শরীরে ঢুকতে পারে ঠিকই, কিন্তু সেই পরিমাণ এত কম যে সুস্থ মানুষের ক্ষেত্রে তা সাধারণত ক্ষতিকর হয়ে ওঠে না।
তবে এর মানে এই নয় যে হেয়ার ডাই একেবারে নিরাপদ। চিকিৎসকদের মতে, সমস্যা হতে পারে তখনই, যখন কেউ খুব ঘন ঘন বা দীর্ঘদিন ধরে নিয়মিত ডাই ব্যবহার করেন। বিশেষ করে সস্তা বা নিম্নমানের ডাই ব্যবহার করলে ঝুঁকি কিছুটা বাড়তে পারে, কারণ এতে ক্ষতিকর রাসায়নিকের পরিমাণ বেশি থাকতে পারে।
এছাড়াও, জীবনযাপনের কিছু অভ্যাস ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। যেমন ধূমপান, মদ্যপান বা আগে থেকেই লিভারের রোগ থাকলে শরীরের ওপর অতিরিক্ত চাপ পড়ে। এই অবস্থায় বারবার হেয়ার ডাই ব্যবহার করলে লিভারের উপর প্রভাব পড়ার আশঙ্কা কিছুটা বাড়ে।
কিছু গবেষণায় আরও বলা হয়েছে, দীর্ঘদিন ধরে কিছু নির্দিষ্ট রাসায়নিকযুক্ত ডাই ব্যবহার করলে ক্যানসারের ঝুঁকিও সামান্য বাড়তে পারে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো যায়নি।
চিকিৎসকদের পরামর্শ, হেয়ার ডাই ব্যবহার করতে হলে কিছু নিয়ম মেনে চলা জরুরি। যেমন খুব ঘন ঘন ডাই না করা, ভাল মানের পণ্য বেছে নেওয়া এবং ব্যবহারের আগে প্যাচ টেস্ট করা। এতে ত্বকে অ্যালার্জি বা অন্য কোনও সমস্যা আছে কিনা তা আগে থেকেই জানা যায়।
সবমিলিয়ে বলা যায়, হেয়ার ডাই ব্যবহার করা মানেই লিভার নষ্ট হয়ে যাবে, এমন ধারণা সঠিক নয়। তবে নিরাপদ থাকতে হলে সচেতনভাবে এবং সীমিত পরিমাণে ব্যবহার করাই শ্রেয়।















